
ইমরান খানকে হত্যার চেষ্টা করছে পাকিস্তান সরকার, অভিযোগ ছেলে সুলাইমানের

ইরানের বন্দর আব্বাসের অদূরে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে নোঙর করা অবস্থায় দেখা যায়। ছবি: এপি
বিনা অনুমতিতে হরমুজ প্রণালি পাড়ি দিতে গিয়ে নৌমাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এক দিন আগেই হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণের অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় নৌমাইনে আঘাত পায়। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের রাডার ও নৌচলাচল ব্যবস্থার সব যন্ত্র বন্ধ করে দিয়েছিল এবং আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করেছিল। তবে ঠিক কখন এসব ঘটনা ঘটেছে এবং ট্যাংকারগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ বিকেলে ইরানের সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, নিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে চলাচল করা ওই ট্যাংকারটি নৌমাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যাওয়ায় চলাচলের অক্ষম হয়ে পড়ে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়। চলমান সংঘাতের কারণে প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে ইরান।
যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। কাতারের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানো ওই প্রস্তাবে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব ছিল। তবে ইরান প্রস্তাবটি নাকচ করে বলেছে, এটা কোনো শান্তি প্রস্তাব নয়, বরং একগুচ্ছ অগ্রহণযোগ্য শর্ত।
বুধবার (২৮ অক্টোবর) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা বলেন, কাতার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের কাছে নতুন কোনো শান্তি প্রস্তাব দেয়নি। বরং কিছু ধারণা তুলে ধরেছে, যেগুলোকে তেহরান অগ্রহণযোগ্য বলে মনে করে।