
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধন

ডিভাইডারের ধাক্কায় উল্টে যাওয়া বাসটি। ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাসটির যাত্রী সুমন মিয়া জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরের ধাপ এলাকায় যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায়। ইকরচালী বাজারে প্রবেশের সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউএনও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।