
‘জরুরি নয়’ এমন কর্মীদের সৌদি ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

পাকিস্তান সরকার দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে সুলাইমান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তান সরকার দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তার ছেলে সুলাইমান খান। এক জরুরি সতর্কবার্তায় তিনি বলেছেন, দীর্ঘ কারাবাস ও নির্যাতনের কারণে তার বাবার জীবন চরম ঝুঁকিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, ইমরান খানের ছেলে সুলাইমান বলেছেন, গত আগস্ট মাসের পর থেকে কেউ তার বাবার কোনো খোঁজ পাননি। ওই সময় ইমরান খান তার ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেন, তার বাবার জীবন বিপন্ন। বাবার দীর্ঘ কারাবাসের জন্য তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন।
৭৪ বছর বয়সি খান দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপিন্ডির কুখ্যাত আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। তার পরিবার বারবার কারাগারে তার ওপর হওয়া আচরণ এবং তার আশঙ্কাজনক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা করা হয়েছে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনাককে ২০২৩ সালের আগস্ট থেকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সুলাইমান খান বলেন, পরিবার ও তার বাবার আইনজীবীরা কয়েক মাস ধরে তার কাছ থেকে কোনো খবর পাচ্ছেন না। তিনি বলেন, তার বাবা আগেই সতর্ক করেছিলেন, মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো তারও একই পরিণতি হতে পারে। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসি বিচার চলাকালে ২০১৯ সালে আদালতে মারা যান।
সুলাইমানের কথায় ‘আগস্টের পর থেকে কেউ আমার বাবাকে দেখেননি বা তার কাছ থেকে কিছু শোনেনি। আগস্টে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তার ওপর নির্যাতন করা হচ্ছে। মিশর সরকার যেভাবে মুরসিকে হত্যা করেছিল, এই শাসকগোষ্ঠীও সেভাবে তাকে হত্যা করার চেষ্টা করছে।’
গত আগস্টে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির উপেক্ষা করছেন বলে সুলাইমান অভিযোগ করেন। আদালত নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে বেসরকারি শিফা হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হোক। একই সঙ্গে তাঁর পরিবার ও আইনজীবীদের নিয়মিত দেখা করার অনুমতি দেওয়া হোক।
সুলাইমান আরও যোগ করেন, এটা স্পষ্ট, তারা তার বাবাকে হত্যার চেষ্টা করছে। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা তাকে ভয় পায়। যদি সবচেয়ে খারাপ কিছু ঘটে যায়, তবে দায় কার, তা নিয়ে কারও ভুল করা উচিত হবে না।’
তবে পাকিস্তান সরকার ইমরান খানের নির্যাতন ও নির্জন কারাবাসের সব অভিযোগ অস্বীকার করেছে। তথ্য মন্ত্রণালয় গত আগস্টে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক লিখিত জবাবে জানায়, ইমরান খানকে সরকারের কোনো আদেশে আটকে রাখা হয়নি; বরং তিনি আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে সাজা ভোগকারী ‘দণ্ডপ্রাপ্ত’ বন্দী।