
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আবদুল আজিজ জুয়েল
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের সামনে বিনামূল্যে খাবারের অপেক্ষায় কিছু মানুষ। ছবি: এপি
ভারতের সরকারি ও আন্তর্জাতিক পরিসংখ্যানে দারিদ্র্য কমার চিত্র উঠে এলেও দেশটির লাখো পরিবারের জীবনযাত্রায় সেই উন্নতির প্রতিফলন নেই। কাগজে-কলমে দারিদ্র্যসীমা অতিক্রম করলেও বাস্তবে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বহু পরিবার। সামান্য অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা পারিবারিক কোনো বাড়তি খরচই তাদের আবার চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। এ সময়ে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। সংখ্যার হিসাবে এটি বড় অর্জন হলেও ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, দারিদ্র্যসীমার সামান্য ওপরে উঠে আসা মানেই যে একটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তা নয়।
রাজস্থানের ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির পরিবারের অবস্থাই এর একটি উদাহরণ। মাসে প্রায় ১১ হাজার রুপি আয়-ব্যয়ের হিসাব নিয়ে তিন সদস্যের সংসার চালান তিনি। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমার হিসাব অনুযায়ী, তিনজনের একটি পরিবারের জন্য মাসিক ন্যূনতম খরচের সীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি (৭৮ ডলার)। সেই হিসাবে হেমার পরিবার দারিদ্র্যসীমার চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি খরচ করছে। কিন্তু মাস শেষ হওয়ার আগেই তাদের রান্নাঘরের খাবার ফুরিয়ে যায়।
হেমা প্রজাপত বলেন, 'পেটের ভেতর কাঁটা গজালেও বোধহয় এতটা ব্যথা হতো না, যতটা ক্ষুধার জ্বালায় হয়।'
প্রতি মাসের শেষ দিকে হেমার রান্নাঘরের তাকগুলো শূন্য হয়ে যায়। তার স্বামী হরি প্রজাপত ঋণের জালে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন। আর ঘরের সামান্য খাবারের বড় অংশই তুলে রাখা হয় তাদের ৯ বছর বয়সী একমাত্র ছেলে দিব্যাংশের জন্য।
তাহলে প্রশ্ন উঠছে, কাগজের হিসাব আর বাস্তবের জীবনের মধ্যে এই বিশাল ফারাক কেন? আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভারতের দারিদ্র্য বিমোচনের পরিসংখ্যান ও সাধারণ মানুষের রূঢ় বাস্তবতার চিত্র।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত গত এক দশকেরও বেশি সময় ধরে সরকারিভাবে দারিদ্র্যের কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে দেশটির দারিদ্র্য পরিস্থিতি বুঝতে বিশ্বব্যাংকের তথ্যের ওপরই নির্ভর করতে হয়।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। এই সময়ে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। এর আগে কেবল চীন চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনে এমন নজির গড়েছিল।
অনেক অর্থনীতিবিদ ভারতের এই অর্জনকে তাৎপর্যপূর্ণ এবং বিশ্বব্যাংকের হিসাব পদ্ধতিকে নির্ভুল বলে মনে করছেন। তবে তাদের মতে, দারিদ্র্য পুরোপুরি জয় করতে ভারতের এখনো দীর্ঘ পথ বাকি। অন্যদিকে, বেশ কিছু অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের এই ঢালাও উপসংহার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নিজস্ব দারিদ্র্য জরিপ না করার অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই রাজনৈতিক ও একাডেমিক বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে কোটি কোটি ভারতীয়র দৈনন্দিন সংগ্রামের গল্প। যারা কাগজে-কলমে দারিদ্র্যসীমা পেরোলেও বাস্তবে চরম অনিশ্চয়তা আর অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন।
রাজস্থানের রাজসমন্দ জেলার বাসিন্দা হেমা প্রজাপত একটি ছোট বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ করেন। বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আল জাজিরাকে বলেন, 'দারিদ্র্যের এই মাপকাঠি খুবই নিচু। এই সামান্য টাকায় কোনো মানুষ সম্মানের সাথে বাঁচতে পারে না। যারা এই প্রতিবেদন তৈরি করেছেন, তারা কি আদৌ তাদের এসি গাড়ি থেকে বের হয়েছিলেন?'
১৪০ কোটি মানুষের দেশ ভারত বর্তমানে বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতিগুলোর একটি এবং নামমাত্র জিডিপির হিসাবে চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তবে এর উল্টো পিঠেই রয়েছে চরম অর্থনৈতিক বৈষম্য। বিশ্বব্যাংকের প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, ভারতের মোট সম্পদের ৪০ শতাংশই রয়েছে শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে।
হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে, এক ঐতিহ্যবাহী মৃৎশিল্পী পরিবারে। মাটির পাত্র বিক্রি করে সংসার না চলায় তার স্বামী হরি রাস্তার পাশে ফুচকা (পানিপুরি) বিক্রি শুরু করেন। কিন্তু করোনা মহামারিতে সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে হেমা অন্যের বাড়িতে গৃহকর্মী ও বাসন মাজার কাজ নেন। এতে মাসে তার ৫ হাজার রুপি আয় হয়।
বিশ্বব্যাংক বলছে, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ায় দারিদ্র্য কমেছে। কিন্তু হেমার অভিজ্ঞতা ভিন্ন। তিনি বলেন, 'আমি কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি এলেও টাকা এখন আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর আমরা আরও বেশি ঋণে ডুবে যাচ্ছি। এই হিসাব আমি মেলাতে পারি না। গত কয়েক বছরে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়েছে, আমাদের আয় দিয়ে কিছুই হচ্ছে না।'
ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য দিচ্ছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কাছে সরকারি এই সহায়তা হার মানছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে অন্তত ৫১ শতাংশ, অথচ সেই অনুপাতে মজুরি বাড়েনি।
সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকলেও দীর্ঘ লাইন, ভিড় ও চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ সেখানে আস্থা রাখতে পারছেন না। দুই মাস আগে হেমার ছেলে দিব্যাংশের তীব্র জ্বর হলে তিনি বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান। সেখানে তার খরচ হয় প্রায় ৬ হাজার রুপি, যা তার পুরো এক মাসের আয়ের চেয়েও বেশি।
নয়াদিল্লিভিত্তিক উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেন, ভারতের দারিদ্র্যসীমা এতটাই নিচে নির্ধারণ করা হয়েছে যে, যেকোনো ‘একটি ধাক্কা’ একটি পরিবারকে আবারও চরম দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে। সেটি হতে পারে মহামারি, খরা, বন্যা কিংবা পরিবারের কোনো বিয়ে।
হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সী সুশীলা সালভির ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। আট বছর ধরে বিউটি পার্লারের কাজ শিখে ছোট একটি দোকান দিয়েছিলেন তিনি। মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকাও জমাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর সরকারি হাসপাতালের ওপর ভরসা করতে না পেরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করান। এতে তার প্রায় ৬৫ হাজার রুপি খরচ হয়ে যায়, যা তার সব সঞ্চয় শেষ করে দেয়। বাধ্য হয়ে ১৪ বছর বয়সী মেয়ের প্রাইভেট টিউশন বন্ধ করে দিতে হয় তাকে।
অর্থনীতিবিদ মেহরোত্রার মতে, বিশ্বব্যাংকের এই মাপকাঠির বড় ত্রুটি হলো এটি শহর ও গ্রামের জীবনযাত্রার খরচের পার্থক্য বিবেচনায় নেয় না।
নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমার তিনজনের সংসারে মাসে ২০ হাজার রুপি খরচ করেন, তবুও উৎসব বা সন্তানের জন্মদিন এলে তাকে ঋণ নিতে হয়। সম্প্রতি দীপাবলির আতশবাজির পর দিল্লির বায়ুদূষণ ভয়াবহ রূপ নিলে সীমার পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। আক্ষেপ করে সীমা বলেন, 'আমি আমার ছেলের জন্য একটা মাস্ক পর্যন্ত কিনতে পারিনি, অথচ তারা বলছে আমি নাকি আর গরিব নই।'
রাজস্থানে হেমা প্রজাপতি প্রতিদিনের মতো কাজ শেষে প্রতিবেশীর বাগান পরিষ্কার করছিলেন। এ সময় তিনি স্বামী হরিকে ফোন করে মনে করিয়ে দেন, তাদের ছেলেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিতে হবে।
কিন্তু হরি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে জ্বালানি ভরার সামর্থ্যও তার নেই। শেষ পর্যন্ত ছেলেকে হাসপাতালে নেওয়ার জন্য নিজের টাকায় মোটরসাইকেলে তেল ভরে দেওয়ার প্রস্তাব দেন হেমা। ছেলেকে ঘিরেই এখন তার সব আশা। তিনি চান, ছেলে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক এবং তাদের মতো অভাবের মধ্যে না থাকুক।
হেমার আশঙ্কা, এক দিন কাজ করতে না পারলেও তাদের সংসার আবার চরম দারিদ্র্যের দিনগুলোতে ফিরে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমলেই একটি দেশের দারিদ্র্য পরিস্থিতির পূর্ণ চিত্র পাওয়া যায় না। মানুষের প্রকৃত আয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ও শিক্ষার ব্যয়, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামলানোর সক্ষমতাও বিবেচনায় নিতে হয়।
সূত্র: আল জাজিরা
প্রাসঙ্গিক: