
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২২:৩৫

হাইকোর্ট। ফাইল ছবি
শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকাগুলোতে (সাইলেন্ট জোন) নিয়মিত অভিযান পরিচালনা এবং অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাঁকে সহায়তা করেন আইনজীবী হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
রুলের পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে বেশ কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন আদালত।
আদালতের আদেশে নীরব এলাকাগুলোতে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং সেখানকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময় করতে বলা হয়েছে।
এ ছাড়া এসএমএসসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক ও শব্দদূষণ সৃষ্টির সম্ভাব্য ব্যক্তিদের সচেতন করা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধি ৬ এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুযায়ী নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচার নিশ্চিত করতে বলেছেন আদালত। একই সঙ্গে ২০২৫ সালের বিধিমালার বিধি ৮ অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৮-এর আদলে শব্দদূষণসংক্রান্ত নাগরিকদের অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আওতায় অভিযোগ গ্রহণের জন্য একটি নির্দিষ্ট হটলাইন নম্বর চালু এবং প্রাপ্ত অভিযোগের বিপরীতে নেওয়া ব্যবস্থার রেজিস্টার সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে ২০২৫ সালের শব্দদূষণ বিধিমালার বিধান সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি তিন মাস অন্তর এসব নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।
জারি করা রুলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯; সড়ক পরিবহন আইন, ২০১৮; ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮; শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকা এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বা উৎসব এবং যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; আইজিপি; ডিএমপি কমিশনার; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; বিআরটিএ ও রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২ কোটি ২০ লাখের বেশি মানুষের বসবাসের নগরী ঢাকা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সূচকে পরিবেশগত মানদণ্ডে পিছিয়ে রয়েছে এবং শব্দদূষণে প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থানে থাকে বলে বেলার আবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ঢাকার শব্দদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির অপ্রয়োজনীয় ও তীব্র হর্ন, হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, শিল্পকারখানা, নির্মাণকাজ ও জেনারেটরের শব্দ, সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দের যন্ত্র বাজানো, জনপরিসরে অনিয়ন্ত্রিত মাইক ও লাউডস্পিকার এবং বিশেষ সময়ে আতশবাজি ও পটকার বিস্ফোরণ।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিধিমালায় পটকা, আতশবাজি ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের জন্য সময় ও স্থান নির্ধারণ করে অনুমোদন দেওয়ার বিধান রয়েছে এবং নিষিদ্ধ হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।
ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় প্রতিনিয়ত শব্দের মানমাত্রা লঙ্ঘিত হচ্ছে বলে রিটে অভিযোগ করা হয়।