
ঝড়বৃষ্টিতে নারায়ণগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ড
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৯:২০

নিহত তিতাস শেখের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। ছবি: সময় সংবাদ
যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করা মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করার জন্য সামাজিক যুদ্ধ এবং গ্রেফতারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি। টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে এমন নির্দেশনা দেন শামা ওবায়েদ।
শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিহত তিতাস শেখের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়।
এ সময় তিনি বলেন, তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন। মানবপাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে৷ যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।
মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়। মানব পাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গভীরভাবে কাজ করে যাচ্ছি। কারণ, মানব পাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গা নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে। যেসব রুটে তারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে- সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি- যে কিভাবে এই মানব পাচারকারীদের আইনের আওতায় আনা যায় এবং কঠোরতম সাজা দেয়া যায়।
এ ছাড়া সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ ১৪টি জেলার ডিসিদের সঙ্গে মানব পাচার সংক্রান্ত সভা করা হয়েছে বলেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে দালাল চক্রের বিরুদ্ধে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে সচেতনতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ডিসি-ইউএনওদের দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে- তারা যেন লোকাল প্রশাসনের সঙ্গে কাজ করে দালালচক্রকে গ্রেফতার করে। এছাড়া বিদেশে যারা নিখোঁজ ও জিম্মি বা আটক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছরে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ লর্ড মাফিয়াদের দেখেছি, যারা এই মানব পাচারের সঙ্গে জড়িত ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানব পাচারকারীদের দমন করতে নানা পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করছে। শুধু দেশেই নয়, এই চক্র দেশের বাইরেও রয়েছে। দেশে এবং বিদেশে সব জায়গাতেই আমরা সোচ্চার রয়েছি।
‘মানব পাচারকারীদের কারণে তিতাসের মতো সাহসী সৈনিকরা যেমন শহীদ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও স্বাভাবিকভাবে বিদেশে যেতে পারছে না। এ কারণে মানব পাচারকারীদের প্রতিহত করতে সরকার সচেষ্ট রয়েছে’, যোগ করেন শামা ওবায়েদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আযাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে নিহত হোন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা আফজাল শেখের ছেল। পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো সন্তান ছিলেন তিনি। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। পরে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানির পাশের কবরে তার দাফন সম্পন্ন হয়।
প্রাসঙ্গিক: