
হামজার নেতৃত্বে নামছে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৩:২৭

বাংলাদেশের একাদশে ফিরছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ (১১ নভেম্বর) রাতে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভুটানের বিপক্ষে ন্যুনতম ব্যবধানের জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজকের ম্যাচে লক্ষ্য তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
ভুটানের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হয়েছে সেরা তারকা হামজা চৌধুরীকে ছাড়াই। হামজা ফেরায় শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে স্বাভাবিকভাবেই আসছে পরিবর্তন। এই ম্যাচে বাংলাদেশের একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসতে যাচ্ছে। হামজা চৌধুরীর সঙ্গে ফারহান আলী ওয়াহিদকেও দেখা যেতে পারে শুরুর একাদশে। শেষ মুহূর্তে বিশ্বনাথ ঘোষ চোটে পড়ায় ফরমেশনেও পরিবর্তন আনতে হচ্ছে থমাস ডুলিকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি ডুলির। তাতে কপাল খুলছে ফারহানের। জাতীয় স্টেডিয়ামে তার সামনে সুযোগ সামর্থ্য প্রমাণের। বিশ্বনাথের বদলি হিসেবে নামানো হবে আগের ম্যাচের একমাত্র স্কোরার ইব্রাহিমকে।
ফাহিম আর ফাহমেদুল সন্তুষ্ট করতে পারেননি প্রথম ম্যাচের পারফরম্যান্সে। লেফট উইংয়ে তাই জায়গা পেতে পারেন ফারহান। রাইট উইং অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। রাকিব হোসেনেই আস্থা রাখছেন ডুলি।
মাঝমাঠে ফিরছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা। ম্যাচ টেম্পারও নিয়ন্ত্রণ করবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। আক্রমণে ওঠা কিংবা রক্ষণে বাড়তি দায়িত্বে তাকে সাহায্য করবেন শমিত সোম ও কাজেম শাহ। কাজেমকে গুরুত্ব দিতে হবে রক্ষণ সামলানোয়ও। শমিত সুযোগ পাবেন ওপরে ওঠার। প্লে মেকিংয়ের দায়িত্বটাও থাকবে তার কাঁধে। মাঠে হামজা থাকলে ফ্রি রোলে প্রভাব বাড়ে শমিতের।
পরিকল্পনাটা সহজ। টিকে থাকার ম্যাচে অল আউট ফুটবল খেলবে লঙ্কানরা। আর ঐ সুযোগে ডুলির দল ডেডলক ভাঙতে চাইবেন কাউন্টার অ্যাটাকে। রাকিব আর ফারহানের ওপর তাই বাড়তি দায়িত্ব। মিডফিল্ডের সঙ্গে বোঝাবুঝিটাও ভালো করতে হবে আক্রমণভাগের।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় ম্যাচেও তপু বর্মণকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। দুই সেন্টারব্যাক হিসেবে তাই জিদান ইউসুফ ও তারিক কাজিই থাকছেন। রাইট ব্যাকে ফিরছেন সাদ উদ্দিন। লেফটে জায়গা ধরে রাখবেন জায়ান আহমেদ।
গোলপোস্টের নিচে শ্রাবণই থাকছেন। তার সামনে অবশ্য সামর্থ্য প্রমাণের পরীক্ষা। ভুটান ম্যাচে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। প্রবাসী ফুটবলারের আধিক্য থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে তুলনামূলক পরীক্ষাটা কঠিন হবে শ্রাবনের।