
পেনাল্টি গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩

সাফের শিরোপা এনে দিতে চান হামজা চৌধুরী। ছবি; বাফুফে
২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ ফুটবল দল। স্বপ্নের পালে জোরেশোরে হাওয়া লেগেছে হামজা চৌধুরীর মতো তারকার উপস্থিতি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনার প্রত্যাশার কথা জানিয়েছেন হামজা নিজেও। শেফিল্ড ইউনাইটেডের এই তারকার মতে এবারের সাফে বাংলাদেশই ফেবারিট। স্ট্রাইকিং পজেশনে সমস্যা থাকলেও শ্রীলঙ্কা ম্যাচে তার কোন প্রভাব পড়বে না বলেই মনে করেন হামজা।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে ভুটান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লাল সবুজের দলের। আজকের ম্যাচে লক্ষ্য চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব শেষ করা।
সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকা পা রেখে পরদিনই অনুশীলনে যোগ দিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ফরোয়ার্ড লাইনে সমস্যার কারণে শ্রীলঙ্কা ম্যাচে গেম প্ল্যানের অংশ তিনি। যদিও সাফের ক্যাম্পে সবাই যোগ দিলেও পুরো দল নিয়ে অনুশীলন না করতে পারার আক্ষেপ ঠিকই রয়ে গেছে কোচ থমাস ডুলির। কেননা চোটের কারণে এদিন মাঠেই আসেননি বিশ্বনাথ ঘোষ।
হামজা যোগ দেয়ায় দলের মধ্যে চনমনে ভাব স্পষ্ট। তবে লঙ্কা ম্যাচেও ইনজুরির কালো ছায়া পিছু ছাড়েনি বাংলাদেশের। চোট সারলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তপু, তাই শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা ক্ষীণ। টিম কম্বিনেশনের কারনে জামাল জায়গা না পেলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন হামজা। যদিও তার কাছে আর্ম ব্যান্ডের চেয়ে বড় ২৩ বছর পর বাংলাদেশকে সাফের শিরোপা উপহার দেয়া।
শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, 'ঘরের মাঠের দর্শকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। খুব বড় টুর্নামেন্ট আর ২৩ বছর হয়ে গেছে আমরা জিততে পারিনি। ইনশাআল্লাহ, শিরোপা আমরা ঘরে নিতে পারব।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফরোয়ার্ড লাইনে আসছে পরিবর্তন। ভুটান ম্যাচে সাব হিসেবে নামলেও এদিন শুরু থেকেই খেলবেন ইব্রাহিম। তাতে স্ট্রাইকিং পজেশনে কতটা পরিবর্তন আসবে তা অবশ্য জানেন না হামজা নিজেও। তার ফোকাস গোলের সুযোগ তৈরি করার দিকেই।
হামজা বলেন, 'সুযোগ তৈরি করার দিকেই আমাদের নজর বেশি থাকবে। চান্স কাজে লাগাতে হবে। আমিও মিস করেছিলাম মালয়েশিয়ার বিপক্ষে। সুযোগ তৈরি করতে পারলে আমরা সবাই মিলে ম্যাচ বের করতে পারব, ইনশাআল্লাহ।'
বিদেশি ফুটবলারের সমন্বয় দারুণ একটা দল শ্রীলঙ্কা। তবে ভুটানের সঙ্গে ড্র করায় সাফের শুরুটা ভালো হয়নি তাদের। বাংলাদেশ ম্যাচ থেকে তাদের লক্ষ্য পয়েন্ট বের করে শীর্ষ চারের পথ পরিস্কার করা। যেখানে তারা আত্মবিশ্বাস খুঁজছে জামালদের বিপক্ষে সবশেষ ম্যাচে পাওয়া জয় থেকে।