
পেনাল্টি গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

যুদ্ধে পা হারানো জাহের নতুন করে জীবনের আলো খুঁজে পেয়েছেন কৃত্রিম পায়ে। এবার ভিনিসিয়ুস জুনিয়র তাকে আমন্ত্রণ জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার। ছবি: সম্পাদিত
যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছিল দুই পা, থমকে দিয়েছিল শৈশব। কিন্তু স্বপ্ন দেখতে ভুলে যায়নি ১৩ বছর বয়সী সুদানি শিশু জাহের। এবার তার সেই স্বপ্নের পথে নতুন অনুপ্রেরণা হয়ে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
২০২৪ সালে সুদানের রাজধানী খার্তুমে মায়ের সঙ্গে কাজ করার সময় ড্রোন হামলায় দুই পা হারায় জাহের। গৃহযুদ্ধের কারণে খাবার ও চিকিৎসার ব্যাপক সংকটে থাকা জাহেরের পরিবারের পক্ষে দেশেই তার উন্নত চিকিৎসা করানো সম্ভব ছিল না। একসময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় বুঁদ হয়ে থাকা জাহেরের জীবন আটকে যায় হুইলচেয়ারে।
তার এই করুণ গল্প ছুঁয়ে যায় বিশ্বের অসংখ্য মানুষের হৃদয়। বিবিসিতে জাহেরের কাহিনি প্রকাশের পর সুদানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ডেনা লতিফের উদ্যোগে অনলাইন তহবিল সংগ্রহ করা হয়। সেখানে প্রায় ৪৫ হাজার পাউন্ড (৬০ হাজার ডলার) জমা পড়ে। সেই অর্থে চিকিৎসার জন্য মা হাবিবার সঙ্গে মিসরের কায়রোতে পাড়ি জমায় জাহের।
সেখানে অস্ত্রোপচার, দীর্ঘদিনের ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পর কৃত্রিম পায়ে আবার হাঁটতে শিখেছে জাহের। নতুন করে আবার স্বপ্নের জাল বুনছে। এখন ফুটবলও খেলতে পারে। শারীরিক এই পরিবর্তনের পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে ছোট্ট জাহের।
২০২৫ সালে বিবিসির সঙ্গে আলাপকালে জাহের জানিয়েছিল, তার প্রিয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। বিষয়টি ব্রাজিলিয়ান তারকার কাছে পৌঁছালে তিনি জাহেরের জন্য ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠান।
সেই ভিডিওতে ভিনিসিয়ুস বলেন, ‘জাহের, হ্যালো! তোমার গল্পের কথা আমি জানতে পেরেছি। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি বুঝতে পারছি।’
এই রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ের সর্বোচ্চ ব্যবহার করবে, আবার ফুটবল খেলায় ফিরবে এবং জীবনে সুখ খুঁজে পাবে। তুমি সেটার যোগ্য।’
জাহেরকে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার আমন্ত্রণও জানান ভিনিসিয়ুস, ‘আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে দিনটি কাটাতে পারি।’
প্রিয় তারকার এমন বার্তায় আবেগাপ্লুত হয়ে পড়ে জাহের। পরে ভিনিসিয়ুসের জার্সি পরে ক্যামেরার সামনে এসে বলে, ‘ভিনিসিয়ুসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তার বার্তা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’
জাহেরের মা হাবিবার ভাষায়, মনে হচ্ছে পুরো বিশ্বই তার ছেলের সাফল্যের জন্য উল্লাস করছে।
এখন জাহেরের স্বপ্ন আরও বড়। ফুটবলের পাশাপাশি ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর মতো নতুন অভিজ্ঞতা নিতে চায় সে। ভবিষ্যতে হতে চায় উড়োজাহাজের পাইলট। একদিন বন্ধুদের সঙ্গে আবার ফুটবল খেলার অপেক্ষাতেও রয়েছে।
বর্তমানে মা-ছেলে আবার খার্তুমে ফিরেছে। তবে সুদানে এখনো নিরাপত্তা ও খাদ্যসংকট বড় উদ্বেগের বিষয়। জাহেরের চিকিৎসায় সহায়তাকারীরা চান, তার এই গল্প যুদ্ধের কারণে জীবন বদলে যাওয়া হাজারো সুদানি শিশুর প্রতিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করুক।
একসময় যে শিশুটির স্বপ্ন ছিল শুধু বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা, আজ সেই শিশুই নতুন করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। ভিনিসিয়ুসের ছোট্ট একটি বার্তা তার সেই স্বপ্নে যোগ করেছে নতুন সাহস।