
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
ফয়সাল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এপি
রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ চাপ থেকে বেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নেতৃত্ব ও প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করতে বিদেশ সফরকে বরাবরই ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন ডনাল্ড ট্রাম্প, এশিয়া সফরে যাচ্ছেন তিনি। এই সফরের অন্যতম আকর্ষণ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক।
১৯৮২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান অর্থনৈতিক মন্দা, ১১ শতাংশ বেকারত্ব এবং কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ২৬টি আসন বেড়ে যাওয়ার রাজনৈতিক ধাক্কার পর পাঁচ দিনের লাতিন আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সময় থেকেই যাত্রাপথে রাজনৈতিক অস্থিরতাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে ‘এয়ার ফোর্স ওয়ান’, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা থেকে মনোযোগ সরাতে এবং প্রেসিডেন্টের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরতে বিদেশ সফর একটি পরিচিত কৌশলে পরিণত হয়েছে।
এবার ট্রাম্পও একই কৌশল অনুসরণের চেষ্টা করছেন। এশিয়া সফরে চীন ও রাশিয়ার দুই কর্তৃত্ববাদী নেতার সঙ্গে তার বৈঠককে ঘিরে বড় ধরনের ভূরাজনৈতিক আয়োজনের প্রস্তুতি চলছে। নিজ নিজ দেশে যাদের ক্ষমতা প্রায় চ্যালেঞ্জহীন, তাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে আন্তর্জাতিক নেতৃত্বের বার্তা দিতে চাইছেন ট্রাম্প।
সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে পরাজয় আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব কমিয়ে দেবে বলে তিনি মনে করেন না। তার ভাষ্য, নির্বাচনে তার নাম ছিল না, বরং ভোটাররা কংগ্রেসের ওপর অসন্তুষ্ট ছিলেন।
প্রাসঙ্গিক:
তবে বিদেশের প্রভাবশালী নেতাদের সঙ্গে ট্রাম্পের তুলনা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় তার ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এড়ানো কঠিন হতে পারে।
চলতি মাসে ভোটারদের কাছ থেকে পাওয়া কঠোর প্রত্যাখ্যানের বার্তা বিদেশি নেতারাও দ্রুত বুঝতে পেরেছেন। ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কমছে কি না এবং তিনি আগেভাগেই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের মতো দুর্বল অবস্থানে চলে যাচ্ছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
এ সফরে ট্রাম্পের সঙ্গে থাকছেন ইলন মাস্কও। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে রাজনৈতিক প্রচারে ৪৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি তিনি।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এডগার কাগান বলেন, পররাষ্ট্রনীতি ও প্রেসিডেন্টের বিদেশ সফর এমন কিছু বিষয়, যা কেবল প্রেসিডেন্টই করতে পারেন। এসব সফরে থাকে জাঁকজমক ও আনুষ্ঠানিকতা এবং ব্যাপক মনোযোগ।
তার মতে, ‘এটি এমন একটি উপায়, যার মাধ্যমে আপনি আলোচনার বয়ান পরিবর্তন করতে পারেন এবং সবাইকে মনে করিয়ে দিতে পারেন যে প্রেসিডেন্ট এখনো প্রেসিডেন্ট।’
তবে ট্রাম্পের সামনে এটিই একমাত্র চ্যালেঞ্জ নয়। চীনের উচ্চক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ এবং কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে জেনসেন হুয়াংকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা চীনের প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র শেনজেনে ট্রাম্পের সফরকে ছায়াচ্ছন্ন করতে পারে। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সফরের মূল আলোচনায় প্রাধান্য পাবে না।
ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি গুপ্তচরবৃত্তির বিষয়টি তুলতে ‘পারেন’। গত এক বছরের কিছু বেশি সময়ে এটি হবে তাদের চতুর্থ বৈঠক। তবে এর আগে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছিলেন, ট্রাম্প নিজে থেকে এ আলোচনা শুরু করবেন বলে তারা মনে করছেন না।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, চীনে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানির ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে নতুন করে যে বিতর্ক শুরু হয়েছে, সেটিও দুই নেতার আলোচনায় আসবে বলে তারা আশা করছেন না।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমরা সম্ভবত চীনকে আলোচনার মধ্যে আনতে চাইছি না।’
দূরবর্তী অঞ্চলে দীর্ঘ ও ক্লান্তিকর সফরে ট্রাম্পের আগ্রহ কখনোই খুব বেশি ছিল না। তবে এবার ফিলিপিন্সে যাচ্ছেন তিনি। এর আগে হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন এনেছেন এবং নিজের ঘনিষ্ঠ মিত্রদের মধ্য থেকেও বাণিজ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মতো কয়েকজন মন্ত্রিসভার সদস্যকে বরখাস্ত করার দাবি উঠেছে।
সফরের আগে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ও নতুন করে প্রশ্ন তুলেছে। কয়েক দিন ধরে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলন এবং শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এসব সম্মেলনে নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবেন ট্রাম্প।
দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের পর্যাপ্ত মনোযোগ না পাওয়ার অভিযোগ রয়েছে এ অঞ্চলের অনেক দেশের। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতির বার্তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট।
তবে আগে দায়িত্ব পালন করা প্রেসিডেন্টদের মতো ট্রাম্পও এশিয়াকে পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েছেন। তার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই অঞ্চল জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসনকেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুরোপুরি মনোযোগ দিতে বাধাগ্রস্ত করেছিল।
গত এক বছর ধরে শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছেন ট্রাম্প। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তি নিয়েও কাজ করছেন তিনি। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
তবে ইরান এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের এখন পর্যন্ত ব্যর্থ প্রচেষ্টা তার পররাষ্ট্রনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে আছে। এশিয়া সফরেও এসব সংঘাতের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যুদ্ধের কারণে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের তেল কেনা বন্ধ করতে তিনি শি জিনপিংকে অনুরোধ করবেন কি না, তা এখনই বলতে চান না। তার ভাষায়, ‘আমি তাদের কাছে যা জানতে চাই, সেটাই জিজ্ঞাসা করব।’
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্র্যাটদের সাফল্য ট্রাম্পের হাতে আন্তর্জাতিক অঙ্গনে কতটা রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষমতা অবশিষ্ট রয়েছে, সেই প্রশ্নও সামনে আনবে।
ট্রাম্পের পররাষ্ট্রনীতির দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বিশ্বব্যাপী শুল্ক আরোপ এবং ইরান যুদ্ধ, পণ্যের দাম বাড়িয়েছে। এর ফলে ভোটারদের মধ্যে ট্রাম্প ও রিপাবলিকানদের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে।
ডেমোক্র্যাটরা এই দুই বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার অঙ্গীকার করেছেন। এর ফলে দীর্ঘদিনের সেই ধারণাও চ্যালেঞ্জের মুখে পড়ছে, যেখানে বলা হয়, অভ্যন্তরীণ রাজনীতির তুলনায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একজন মার্কিন প্রেসিডেন্টের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বেশি থাকে।
বিরোধী দল ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় ওয়াশিংটন থেকে দূরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তুলে ধরার একটি উপায় হিসেবেও বিদেশ সফরকে ব্যবহার করা হয়েছে।
১৯৮২ সালে রিগ্যানের লাতিন আমেরিকা সফরের আয়োজন করেছিলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও ভাবমূর্তি নির্মাতা মাইকেল ডিভার। রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্টের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিদেশ সফরকে কৌশল হিসেবে ব্যবহারের ধারণাটি জনপ্রিয় করার কৃতিত্ব তাকেই দেওয়া হয়। এরপর থেকে প্রায় প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই এ কৌশল অনুসরণ করেছেন।
১৯৯৪ সালের নভেম্বরে কংগ্রেসে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো রিপাবলিকানরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বিল ক্লিনটন ফিলিপিন্স সফর করেন। ২০০৬ সালে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর কয়েক সপ্তাহ পর ভিয়েতনাম সফরে যান জর্জ ডব্লিউ বুশ।
২০১০ ও ২০১৪ সালে মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর এশিয়া সফর করেন বারাক ওবামা। আর ২০১৭ সালে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ফ্রান্স সফরে গিয়েছিলেন ট্রাম্প নিজেও। তবে ওই সফরকে তেমন প্রাণবন্ত হিসেবে দেখা হয়নি।
এডগার কাগান বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর জয় কিংবা পরাজয়, উভয় পরিস্থিতিতেই আমি প্রেসিডেন্টদের সঙ্গে কাজ করেছি। এ ধরনের সফর সব সময়ই গুরুত্বপূর্ণ। এটি দেশের মানুষকে এবং বিদেশি পর্যবেক্ষকদের মনে করিয়ে দেয় যে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা প্রেসিডেন্টের দায়িত্ব ও এখতিয়ারের মধ্যেই পড়ে।’
ট্রাম্পের ক্ষেত্রে এই সফরের অর্থ হলো, বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা। তবে ট্রাম্প, শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক অনেকের কাছে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের কথাই মনে করিয়ে দিচ্ছে।
ক্রিমিয়ার অবকাশযাপন কেন্দ্র ইয়াল্টায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তৎকালীন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং গুরুতর অসুস্থ মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে বিশ্বকে মূলত পশ্চিমা ও পূর্বাঞ্চলীয় প্রভাববলয়ে ভাগ করার ভিত্তি তৈরি হয়েছিল।
এবার ওয়াশিংটন, বেইজিং ও মস্কোর তিন নেতার বৈঠক ঘিরেও বিশ্বরাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ও প্রভাববলয় নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হতে পারে।
সূত্র: সিএনএন