
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২৩:০

শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির আঘাত। সবচেয়ে গুরুতর ক্ষত পেছনের ডান পায়ে। আঘাতের কারণে পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছিল না ৩০ থেকে ৩৫ বছর বয়সী বন্য হাতিটি। এমন অবস্থায় কক্সবাজারের টেকনাফের শিলখালী রেঞ্জের পাহাড়ি এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল হাতিটি। খবর পেয়ে টানা তিন দিন অভিযান চালিয়ে বুধবার (১৮ নভেম্বর) তার অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলের সহায়তায় হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা শেষে হাতিটিকে নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে পায়ের জয়েন্টের ভেতরে গুলি রয়ে যাওয়ায় আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, হাতিটি পুরোপুরি সুস্থ নাও হতে পারে।
বন বিভাগ জানায়, গত তিন দিন ধরে শিলখালী রেঞ্জের বিভিন্ন এলাকায় অসুস্থ হাতিটিকে দেখা যাচ্ছিল। বিষয়টি জানার পর হাতিটির অবস্থান শনাক্তে অভিযান শুরু করেন বন বিভাগের সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকা এবং হাতিটিকে চিকিৎসা দেওয়ার জটিলতার কারণে অভিযানটি বেশ কঠিন ছিল।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার প্রায় আট ঘণ্টা অভিযান চালিয়ে হাতিটির অবস্থান শনাক্ত করা গেলেও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে সেদিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বুধবার ভোর ৫টা থেকে আবার অভিযান শুরু হয়। প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে বেলা ১২টার দিকে হাতিটির কাছে পৌঁছান তাঁরা।
তিনি বলেন, হাতিটির অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২টা ৫৫ মিনিটে হাতিটিকে অবশ করার ওষুধ দেওয়া হয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে চিকিৎসা।
চিকিৎসা শেষে হাতিটির জ্ঞান ফেরাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ সময় হাতিটির আরেকটি পুরুষ সঙ্গী পাশের পাহাড়ে অবস্থান করছিল। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বন বিভাগের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে সতর্ক অবস্থানে ছিলেন। চিকিৎসা শেষে সবাই নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
হাতিটির শরীর পরীক্ষা করে বিভিন্ন স্থানে আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের অন্যান্য স্থানে গুলির আঘাত রয়েছে। তবে সবচেয়ে গুরুতর দুটি ক্ষত পেছনের ডান পায়ের হাড় ও জয়েন্টে। এ কারণে হাতিটি খুঁড়িয়ে হাঁটছিল এবং আক্রান্ত পায়ে ভর দিতে পারছিল না।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজ বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পুরো শরীর পরীক্ষা করে একাধিক ক্ষত পাওয়া গেছে। এর মধ্যে দুটি ক্ষত প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। ক্ষত দুটি পেছনের ডান পায়ের টার্সাল জয়েন্টে (গোড়ালির কাছের সন্ধি)। ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাতিটির পায়ের জয়েন্টের ভেতরে গুলি রয়ে গেছে। সেখান থেকে গুলি বের করা অত্যন্ত জটিল। আঘাতের কারণে হাতিটি আক্রান্ত পায়ে ভর দিতে পারছে না। আপাতত তিন পায়ে ভর করেই তাকে চলাফেরা করতে হবে। ক্ষতস্থানের সংক্রমণ ও প্রদাহ কমাতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিটি আগের মতো সুস্থ হতে পারবে কি না, জানতে চাইলে মো. মোস্তাফিজ বলেন, শরীরের ভেতরে গুলি রয়ে যাওয়ায় হাতিটি পুরোপুরি সুস্থ হবে না বলে আশঙ্কা রয়েছে। তবে চিকিৎসার মাধ্যমে সংক্রমণ ও প্রদাহ নিয়ন্ত্রণে এলে সে মোটামুটি চলাফেরা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে তিনি এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৪টি হাতিকে অবশ করেছেন। তার অভিজ্ঞতায়, পুরুষ হাতি নিজেদের বিচরণক্ষেত্র ও আধিপত্য বজায় রাখতে তুলনামূলক বেশি আক্রমণাত্মক আচরণ করে। এ কারণে অনেক সময় পুরুষ হাতি বেশি আঘাতের শিকার হয়।
হাতিটিকে কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী বা অপহরণকারীদের ছোড়া গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসার পর হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে বন বিভাগের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া-টেকনাফ) মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ বলেন, গত তিন দিন ধরে বন বিভাগের কর্মী, চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা হাতিটিকে শনাক্ত, উদ্ধার ও চিকিৎসা দিতে কাজ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। পরে হাতিটিকে নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুরো অভিযানকে সফল হিসেবে দেখছে বন বিভাগ। অভিযানে অংশ নেওয়া সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আটটি গুলির আঘাত নিয়েও প্রাণে বেঁচেছে হাতিটি। তবে পায়ের জয়েন্টে রয়ে যাওয়া গুলি তাকে কতটা স্বাভাবিক জীবনে ফিরতে দেবে, তা এখনো অনিশ্চিত। চিকিৎসার পাশাপাশি হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করাই এখন বন বিভাগের প্রধান দায়িত্ব।