
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:৩২

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। ছবি: এপি
ফিলিস্তিনের গাজায় ধ্বংসাত্মক স্থল অভিযান শুরুর দিকে গোপন নজরদারির জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজানের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের ছবি বিশ্লেষণ করার জন্য নেতানিয়াহু প্রশাসন মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের ‘ফেসিয়াল রিকগনিশন’ বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে।
ফাঁস হওয়া নথিপত্র ও সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ ওই ছবিগুলো আপলোড করে।
ইসরাইলি সামরিক বাহিনীর একটি সিস্টেমের নামানুসারে এই বিভাগটির নামকরণ করা হয়। ওই সিস্টেমটি পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্পর্কিত তথ্যের একটি কেন্দ্রীয় ভাণ্ডার হিসেবে কাজ করে।
২০২৪ সালের শুরুর দিকে রোলিং স্টোন অ্যামাজানকে ছবিগুলো আপলোড করার সিদ্ধান্তের কথা জানায়। এর উদ্দেশ্য ছিল অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চিত্র বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রিকগনিশন’ এর মাধ্যমে চেহারা শনাক্তকরণ প্রকল্প পরিচালনা করা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। এরপর থেকে ইসরাইলি সামরিক বাহিনী নিয়মিত চেকপয়েন্ট দিয়ে যাতায়াতকারী ফিলিস্তিনিদের ছবি এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আসছে। এসব তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্মতি নেয়া হয়নি।
অ্যামাজনের ‘রিকগনিশন’ প্ল্যাটফর্মে আপলোড করা ছবিগুলো ঠিক এই ধরনের চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
প্রাসঙ্গিক:
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযানের শুরুর দিকে ইসরাইল হামাসের হাতে বন্দি জিম্মিদের শনাক্ত করতে ‘রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করেছিল। এ ছাড়া ইসরাইলি সামরিক বাহিনী যাদেরকে হামাস বলে সন্দেহ করত, তাদের শনাক্ত করার জন্যও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করত।
ইসরাইলের সঙ্গে অ্যামাজনের সম্পর্কের ভিত্তি ২০২১ সালে স্বাক্ষরিত ‘প্রজেক্ট নিম্বাস’ নামের একটি চুক্তি। কয়েকশ কোটি ডলারের এ চুক্তির আওতায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও গুগল ইসরাইলের সরকার ও সামরিক বাহিনীকে ক্লাউড সেবা দিয়ে আসছে।
তবে নিম্বাস চুক্তিতে রয়েছে কিছু ব্যতিক্রমী শর্ত। চুক্তি অনুযায়ী, গ্রাহকরা সেবার শর্ত ভঙ্গ করলেও মার্কিন কোম্পানিগুলো ইসরাইলের সরকার ও সামরিক বাহিনীর ক্লাউড সেবা ব্যবহারে বাধা দিতে বা তা স্থগিত করতে পারবে না।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শুরুর দিকে ইসরাইলে নতুন ডেটা সেন্টার চালু করে এডব্লিউএস। এর ফলে ইসরাইলের সরকার ও সামরিক বাহিনীর বিভিন্ন সংস্থা নিজেদের সার্ভারে থাকা তথ্য এসব ক্লাউড সার্ভারে স্থানান্তরের সুযোগ পায়।
ওই বছরজুড়েই ইসরাইলের সংশ্লিষ্ট বিভাগ বিপুল পরিমাণ তথ্য এডব্লিউএসের ক্লাউডে স্থানান্তর করে। এ প্রক্রিয়ায় যুক্ত এক সামরিক কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী ছবি, ভিডিও, সব ধরনের গোপন গোয়েন্দা তথ্য—সবকিছুই ক্লাউডে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছিল।
এ ছাড়া সামরিক অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহসংক্রান্ত স্পর্শকাতর উপাত্ত সংরক্ষণের জন্য তেল আবিবে নিজেদের ডেটা সেন্টারের ভেতরে আলাদা ও সুরক্ষিত একটি ব্যবস্থা তৈরি করে এডব্লিউএস। ‘ওয়ালড গার্ডেন’ নামে পরিচিত এ ব্যবস্থায় তথ্যের নিরাপত্তায় বাড়তি ডিজিটাল ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করা হয়।
সূত্র: এনডিটিভি