
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এখন বিশ্বনেতাদের ব্যস্ত আনাগোনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ম্যানিলায় ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে ব্যস্ত, ঠিক তখনই এপেক সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদ মালাকানাংয়ে পৌঁছালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। লাল গালিচা সংবর্ধনার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে প্রাসাদ প্রাঙ্গণে সেনাদের গার্ড অব অনার পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ফিলিপিনো সেনাদের কাজের প্রশংসা করেন এবং দেশটির প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে প্রাসাদের ভেতরে একটি বাঁশের বাদ্যযন্ত্র দল প্রেসিডেন্ট মার্কোসের বাবা প্রয়াত ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের মাতৃভাষা 'ইলকানো'তে একটি লোকসংগীত পরিবেশন করে ট্রাম্পকে বরণ করে নেয়। ট্রাম্প প্রাসাদের বিশাল কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন, তিনটি ক্রিসমাস ট্রির পাশে রাখা অতিথি বইয়ে স্বাক্ষর করেন এবং সোনালি কারুকাজ ও ঝাড়বাতি সজ্জিত লবি ঘুরে দেখেন। প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ট্রাম্প বলেন, ‘আপনারা এখানে যা করেছেন, তা আমার দারুণ লেগেছে।’ যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের স্থাপত্যশিল্পের রুচি একই রকম বলেও মন্তব্য করেন তিনি।
ম্যানিলা সফরের উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্প জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই তিনি এসেছেন। তিনি বলেন, ‘আমেরিকা ফিলিপিনো জনগণের পাশে আছে। আমাদের জোট অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।’ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানো হবে বলেও তিনি ঘোষণা দেন।
ট্রাম্প ও মার্কোসের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা না হলেও, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দামের ওপর প্রভাব এবং দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ট্রাম্প যখন ফিলিপাইনে অবস্থান করছেন, তখন বুধবার ভোরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের ‘এআই ক্যাপিটাল’ খ্যাত শেনজেন শহরে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠক ক্রেমলিনের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য পুতিনের সামনে একটি বড় সুযোগ। ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে রাশিয়া।
সূত্র: বিবিসি