
অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, অস্বস্তি কমেছে খাদ্যেও
অর্থ-বাণিজ্য
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:২৫

বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়া, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে নতুন করে সংকট তৈরি হয়েছে। ফলে খোলাবাজারে ডলারের দাম এখন ১২৯ টাকা ছুঁই ছুঁই। তবে এ সংকটকে পুঁজি করে বাজার অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুদ্ধের প্রভাব পড়েছে ডলারের বাজারেও। ব্যাংকগুলোতে ডলার সংকট থাকায় খোলাবাজারের এক্সচেঞ্জ হাউজগুলোতে প্রতি ডলারের দাম এখন প্রায় ১২৯ টাকা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই দামেও ডলার পাওয়া কঠিন হয়ে পড়েছে।
ডলার কিনতে আসা ক্রেতারা বলেন, মানি এক্সচেঞ্জারদের কাছে ডলারের দাম অনেক বেশি। প্রথমে এক দাম বলা হলেও পরে আবার অন্য দাম জানানো হয়। ব্যাংকেও ডলারের দাম অনেক বেশি।
মানি এক্সচেঞ্জাররা বলছেন, দেশে ডলারের সরবরাহ কম। প্রবাসীরা আগের মতো দেশে আসছেন না। একইভাবে বিদেশে যাওয়ার প্রবণতাও কমেছে।
তবে খোলাবাজারে ডলারের দামে ঊর্ধ্বগতি দেখা গেলেও ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগে চিত্র অনেকটাই ভিন্ন। সেখানে ডলার সংকটের কারণে বিদেশগামীরা প্রয়োজনীয় ডলারের বদলে অন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে সন্তুষ্ট থাকছেন।
মূলত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিদেশে স্থানীয় কর্মসংস্থানের বাজারে মন্দা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে। অন্যদিকে, গত কয়েক মাসে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের আমদানি মূল্য ও পরিবহন খরচ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান আরও বাড়ছে।
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (লোকাল অফিস) মো. শফিকুল ইসলাম বলেন, ডলারের চাহিদা কিছুটা বেড়েছে। একই সঙ্গে সরবরাহও কিছুটা কমেছে। এ কারণে সাময়িকভাবে কিছুটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। তবে আগামী দিনগুলোতে এ পরিস্থিতি থাকবে না বলে আশা করছি।
এদিকে, ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সংকটকে কাজে লাগিয়ে বাজার অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কারও কারসাজির কারণে বিনিময় মূল্য বেড়ে থাকলে বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখবে। কারা কারসাজি করছে বা কারা এর সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছে ব্যাংকগুলো।
প্রাসঙ্গিক: