
শাহরুখকে নিয়ে রহস্যময় পোস্ট কারিনার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৫:৮

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিষেকের পর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
পর্দার এই প্রিয় অভিনেত্রীর বিশেষ দিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন স্বামী, অভিনেতা ওমর সানী। শুধু শুভেচ্ছা নয়, স্ত্রীকে দিয়েছেন বিশেষ এক তকমাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীর কয়েকটি ছবি দিয়ে তৈরি কোলাজ পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’
এর আগে জন্মদিনের প্রথম প্রহরেও মৌসুমীকে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী। সেখানে দূরত্বের কথা উল্লেখ করে স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন; প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’
জন্মদিনে স্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা আরও বলেন, ‘মানুষ তোমাকে যে সম্মান করে, আল্লাহ যেন তোমাকে আরও সম্মানিত করে।’ পাশাপাশি মৌসুমীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে বাংলাদেশে নেই মৌসুমী। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। নব্বইয়ের দশকের গোড়ার দিকে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর বিনোদনজগতে যাত্রা শুরু হয় তার। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। একই সিনেমায় অভিষেক হয়েছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহরও।
অভিষেকেই দর্শকের নজর কাড়েন মৌসুমী। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘বীর সৈনিক’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। এ ছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন ছয়বার করে।
শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি এই তারকা। পরিচালনা ও সংগীতেও রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। ২০০৩ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। পরে নির্মাণ করেন ‘মেহের নিগার’। পাশাপাশি বিভিন্ন সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও গান গেয়েছেন তিনি।