
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকে বাসে আগুন
বাংলাদেশ
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২০:১৬

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারীদের গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে।
সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, মামলার প্রধান আসামি মোহাম্মদ ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করে ইতিমধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।’
ইতিমধ্যে মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের তথ্য দিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনের পৃথক ৩ ধারায় অভিযোগ এনে বাদী মামলাটি দায়ের করেছেন। এ ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’
জানা যায়, গত বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র মানবপাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানবপাচারে জড়িত চারজনকে গ্রেফতার এবং আস্তানায় জিম্মি রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযানে জড়িত সন্দেহ আরও দুজনকে গ্রেফতার করেছিলেন।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাসঙ্গিক: