
৯০ স্টল নিয়ে মঙ্গলবার থেকে খুলনায় বিভাগীয় বইমেলা
বাংলাদেশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া যশোরের ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে নেমেছেন শতাধিক মানুষ। স্থানীয় এক নারী চিকিৎসকের ফেসবুক পোস্টের আহ্বানে সাড়া দিয়ে খুলনা ও যশোরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ এই উদ্যোগে অংশ নিয়েছেন। তাদের দাবি, শুধু স্বেচ্ছাশ্রমে নয়, নদটি রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে একসময় জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়। তবে খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে নদটি।
অভিযোগ রয়েছে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্যও সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব।
নদের এমন অবস্থা দেখে পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন স্থানীয় চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তার আহ্বানে 'ওয়াফ ফাউন্ডেশন'-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবী নদে নেমে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।
চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা বলেন, সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে। তিনি বলেন, নদে পানির ওপর আকাশের ছায়া দেখতে চান। এ জন্য নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, চিকিৎসক উষার ফেসবুক পোস্ট দেখে তারা এই উদ্যোগে যুক্ত হয়েছেন। খুলনা ও যশোরের প্রায় ১০০ স্বেচ্ছাসেবী কাজ করছেন। তবে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ভালোভাবে করা সম্ভব হতো।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্যে নদটি দূষিত হয়ে গেছে। কষ্ট হলেও নদ পরিষ্কারের কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।
আরেক বাসিন্দা লাল্টু হোসেন বলেন, নদ খননে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল ধরে রাখা যায়নি। যাদের ওপর নদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাদেরই এ কাজে এগিয়ে আসা উচিত।
এদিকে স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভা। প্রতিষ্ঠানটির পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।
প্রাসঙ্গিক: