
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপমুমিন-তামিমের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৯:৪১

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন লামিন ইয়ামাল (বাঁয়ে) ও মিকেল ওয়ারসাবাল। ছবি: রয়টার্স
উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আসন্ন ম্যাচে দলের আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না স্পেন। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও রিয়াল সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওয়ারসাবাল প্রাগ সফরে যাচ্ছেন না। ফলে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলতে স্পেন জাতীয় দলের সঙ্গে প্রাগে যাচ্ছেন না ইয়ামাল। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেট্রোপলিতানোতে বার্সেলোনার কঠিন লড়াইয়ের ম্যাচের পর হাঁটুর অস্বস্তিতে ভুগছেন এই তরুণ তারকা।
ফেরমিন লোপেজের জোড়া গোলে বার্সেলোনা ওই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেও শারীরিক ধকলের কারণে আন্তর্জাতিক দায়িত্ব পালনে আপাতত বিরতি নিতে হচ্ছে ইয়ামালকে।
১৯ বছর বয়সী এই ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে বার্সেলোনার মেডিকেল বিভাগ নিয়মিত জাতীয় দলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। সিদ্ধান্ত হয়েছে, চেক প্রজাতন্ত্রে বিমানে যাত্রা ও ম্যাচ খেলার ঝুঁকি না নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য কাতালোনিয়াতেই থাকবেন ইয়ামাল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, মেডিকেল রিপোর্টে পর্যাপ্ত উন্নতির ইঙ্গিত পাওয়া গেলে সপ্তাহের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
স্পেনের দল নির্বাচন নিয়ে সমস্যার মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতের ম্যাচটি খেলতে পারছেন না ওয়ারসাবালও।
ফ্লু-জাতীয় গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। এ কারণে লাস রোজাসের সিউদাদ দেল ফুটবল ট্রেনিং সেন্টারে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। বর্তমানে সান সেবাস্তিয়ানে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন ওয়ারসাবাল। জাতীয় দলের চিকিৎসকেরা প্রতিদিন তার শারীরিক অবস্থা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করছেন।
দুই খেলোয়াড়ের অবস্থা পরিষ্কার করে আরএফইএফ এক বিবৃতিতে জানিয়েছে, চলমান আন্তর্জাতিক বিরতির জন্য তাদের পুরোপুরি বাদ দেওয়া হয়নি।
মার্কার বরাত দিয়ে ফেডারেশন জানায়, 'দুই খেলোয়াড়ই আগামী কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন, যাতে মেট্রোপলিতানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার জন্য তারা প্রস্তুত থাকতে পারেন।'
ইয়ামাল ও ওয়ারসাবালের অনুপস্থিতি দে লা ফুয়েন্তের মূল দল ঘোষণার পর তৈরি হওয়া আগের সমস্যাগুলোর সঙ্গে নতুন করে যুক্ত হলো।
নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দিকে নিজেদের অবস্থান ধরে রাখতে দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাখতে এরই মধ্যে বিকল্প খেলোয়াড় খুঁজতে হয়েছে স্পেন কোচকে। একই সঙ্গে ফিটনেস সমস্যার কারণে আহত আন্দের বারেনেতসিয়ার পরিবর্তে জর্জে দে ফ্রুতসকে দলে ডেকেছেন দে লা ফুয়েন্তে।
রায়ো ভায়েকানোর এই ফুটবলার আক্রমণের দুই প্রান্তে খেলার আরেকটি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন। আক্রমণভাগের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ায় তার অন্তর্ভুক্তি স্পেনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) লাস রোজাসে দলের সঙ্গে যোগ দিয়েছেন দে ফ্রুতস। প্রাগ সফরের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাৎক্ষণিক ম্যাচের প্রস্তুতি চললেও স্পেন শিবিরের নজর পরবর্তী ইংল্যান্ড ম্যাচেও। মেট্রোপলিতানোতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিজেদের মাঠে শক্তিশালী দল নিয়ে নামার পরিকল্পনা রয়েছে স্পেনের। সে কারণে ইয়ামাল ও ওয়ারসাবালকে ফিরে পাওয়াই এখন অন্যতম অগ্রাধিকার।
বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের চিকিৎসক দল নিয়মিত তাদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য দিচ্ছে, যাতে জাতীয় দলে ফেরার প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।
আপাতত বৃহস্পতিবারের ম্যাচের জন্য বিকল্প কৌশল খুঁজতে হবে দে লা ফুয়েন্তেকে। দুই নিয়মিত আক্রমণভাগের খেলোয়াড়ের অনুপস্থিতিতে নিকো উইলিয়ামস কিংবা ব্রায়ান সারাগোসার মতো ফুটবলারদের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।