
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সময় সংবাদ
খুলনার বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা। নয় দিনব্যাপী এ মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন, কবিতা পাঠ, শিশু-কিশোরদের প্রতিযোগিতা ও সেমিনারসহ নানা আয়োজন থাকছে মেলায়।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে।
আয়োজকরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আসা প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের জন্য ৯টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পুলিশ কন্ট্রোলরুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে এবং খাবারের জন্য পাঁচটি স্টল থাকবে। প্রকাশনীগুলো নিজেদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।
মেলাকে প্রাণবন্ত করতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি ‘সংস্কৃতি ও নৈতিকতা‘, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বই কেনার পর কুপন জমা দিয়ে প্রতিদিন তিনজন ক্রেতার পুরস্কার জেতার সুযোগও থাকছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক: