
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ইউনাইটেড
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১:৪৬

বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স
বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ। ডান পায়ের চোটে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে গোলরক্ষক মানুয়েল নয়ারকে। মাইন্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ের টেন্ডনের আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বুন্দেসলিগায় মাইন্সের মাঠে ২-১ গোলে জেতে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নয়ারকে। তার বদলি হিসেবে গোলবারের নিচে দাঁড়ান ইয়োনাস উরবিগ।
রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে নয়ারের চোটের বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্লাবটি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের খবর, সুস্থ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে ৪০ বছর বয়সি এই গোলরক্ষকের।
মাইন্সের বিপক্ষে ম্যাচটি নয়ারের জন্য ছিল রেকর্ড গড়ার দিনও। ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে বায়ার্নের ইতিহাসে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি।
এর আগে পায়ের সমস্যায় চারটি ম্যাচ খেলতে পারেননি নয়ার। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি। এবার নতুন করে চোট পাওয়ায় আবারও তাকে ছাড়াই খেলতে হবে বায়ার্নকে।