
বোমা হামলার হুমকি, খালি করা হলো ইতালির ৩০০ স্কুল
আন্তর্জাতিক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:১১

সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু আলোচনাকে ভণ্ডামিপূর্ণ বলে সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে তিনি বিশ্বনেতাদের প্রতি মুনাফা ও ক্ষমতার চেয়ে মানুষ এবং পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের পর্যটন নগরী আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে এসে এসব কথা বলেন থুনবার্গ। তিনি বলেন, ‘প্রতি বছরই এটা এক ধরনের ভণ্ডামি। আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার সুযোগ পায়। আমরা জানি, এসব আলোচনায় এমন সব শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত লবিস্টরা অংশ নেন, যেসব প্রতিষ্ঠান আমাদের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে।’
থুনবার্গ আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানবপ্রকৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।’
তীব্র তাপপ্রবাহ ও বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাণঘাতী নানা দুর্যোগের এক বছরের পর এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে আরেক দফা জ্বালানি সংকট তৈরি হয়েছে।
কপ-৩১-এর যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রচার চালাচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনে, বিশেষ করে কয়লার ওপর, এখনো দেশ দুটি ব্যাপকভাবে নির্ভরশীল।
এর আগে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোও জলবায়ু সম্মেলনের আয়োজক ছিল।
থুনবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন ‘সবকিছুর জন্য হুমকি’। তার সতর্কবার্তা, ‘আমরা যা কিছু ভালোবাসি, সবকিছুই ঝুঁকির মুখে।’ তিনি বলেন, ‘বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমাদের বসবাসের এই পৃথিবীকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে অল্প কিছু সৌভাগ্যবান মানুষের অকল্পনীয় মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখার পরিবর্তে মানুষের সুরক্ষা ও কল্যাণে আমাদের কাজ করা উচিত।’
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডিশ পার্লামেন্টের বাইরে এককভাবে ‘জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট’ শুরু করে আলোচনায় আসেন থুনবার্গ। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত সম্মেলনের পর এটাই তার প্রথম জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ। ওই সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে ‘ব্লা, ব্লা, ব্লা’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতেও প্রচার চালিয়েছেন থুনবার্গ। সম্প্রতি স্কুলে আরও বেশি সম্পদ ও সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনরত ফরাসি শিক্ষার্থীদের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।
থুনবার্গের আনতালিয়ায় আগমনকে ঘিরে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া তরুণ জলবায়ুকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এসব কর্মী জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।
অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের ২৬ বছর বয়সি ফেলো অ্যাম্বার টার্নার বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমি আশা করি, এখানে গ্রেটার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেবে, কেন আমরা এই কাজ শুরু করেছিলাম। অর্থবহ পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা, সিদ্ধান্ত গ্রহণকারীদের জবাবদিহির আওতায় আনা এবং সমগ্র মানবজাতির জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলাই ছিল আমাদের লক্ষ্য।’
সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিউইউন উ বলেন, থুনবার্গের ‘শক্তিশালী’ উপস্থিতি এমন এক প্রজন্মের দাবিকে আরও জোরালো করবে, যারা এসব আলোচনার পরিণতি বহন করবে।
আন্তালিয়ায় গত সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া কপ-৩১ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। কপ-৩২ সম্মেলন আগামী বছর নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রাসঙ্গিক: