
দাম বাড়ানোর পরও এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে কত টাকায়?
কামরুল হাসান সবুজ
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৭:২১

সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য কমাতে ৬৬০ সিসির গাড়ি আমদানির সুযোগ সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির দাবি, সরকার শুল্ক কমালে ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে এসব গাড়ি কিনতে পারবেন ব্যবহারকারীরা। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ীদের প্রস্তাব বিবেচনায় নিয়ে করকাঠামো সাজানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও।
বিশৃঙ্খল সড়কে ঝুঁকিতে নাগরিক জীবন। যত্রতত্র পার্কিং, হর্ন আর অনিয়ন্ত্রিত গতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে চলছে অবৈধ অটোরিকশা, লক্কড়ঝক্কড় গণপরিবহন ও লেগুনা। দুর্ঘটনার ঝুঁকি জেনেও এসব বাহনে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
অথচ পরিকল্পিত উদ্যোগ নিলে সহজেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে নাগরিক জীবন নিরাপদ করা সম্ভব। এ লক্ষ্যে ৬৬০ সিসির জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে উচ্চ শুল্কের বাধা দূর করার পরামর্শ দিয়েছে বারভিডা।
সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান বলেন, ৬৬০ সিসির গাড়ি পেট্রল ও হাইব্রিড-দুই ধরনেরই রয়েছে। তবে উচ্চ করের কারণে বাংলাদেশে এসব গাড়ি জনপ্রিয় হয়ে ওঠেনি। কর কমানো গেলে ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে গাড়িগুলো বাজারে আনা সম্ভব হবে। পাশাপাশি গাড়ি আমদানির ক্ষেত্রে বয়সসীমা কিছুটা বাড়ানো গেলে ধীরে ধীরে অটোরিকশার সংখ্যা কমে আসবে।
অর্থনীতিবিদরাও বলছেন, কম সিসির গাড়ির জন্য আলাদা শুল্কস্তর নির্ধারণ করে করের বোঝা কমানো গেলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, দেশের পুরো পরিবহন খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জাপানসহ অন্যান্য দেশ থেকে কম সিসির গাড়ি আমদানির সুযোগ দেয়া যেতে পারে। এ ক্ষেত্রে কর ও শুল্ক কমানো হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে, নিরাপদ বাহনের সংখ্যা বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এদিকে নগর পরিবহনকে আরও সহজলভ্য করতে পরিবেশদূষণ নির্গমনের মানদণ্ড (এমিশন স্ট্যান্ডার্ড) বিবেচনায় পাঁচ বছরের বেশি পুরনো রিকন্ডিশন্ড গাড়ি আমদানির সুযোগ দেয়ার পক্ষেও মত দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।