
চুয়েট উপাচার্যকে অধ্যাপক কাউছার‘দরকার হলে আমাকে ডিনের পদ থেকে বাদ দিন, আমি এসবে নেই’
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৩:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় কারও এক বর্ষ বা সেমিস্টার, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. মাছুদুল হক তালুকদার।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সুপারিশ অনুমোদন দেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন করে শিক্ষার্থী রয়েছেন। এছাড়া লোক প্রশাসন বিভাগের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুজন করে শিক্ষার্থী রয়েছেন।
বাকি সাতজন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের।
বিজ্ঞপ্তিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগ এবং শাস্তির বিবরণ উল্লেখ করা হয়েছে। অসদুপায়ের ধরন ও মাত্রা অনুযায়ী পৃথকভাবে এসব শাস্তি নির্ধারণ করা হয়। কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে একাধিক পরীক্ষার শাস্তিও আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষায় নকল ও অসদুপায় প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে পরীক্ষার হলে নজরদারি বাড়ানো, শিক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশি এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।