
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে সচল চবি
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সমার্তন উপলক্ষে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তাদের অবদান আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মির্জা ফখরুল বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে, সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে ব্যক্তির সঙ্গে দেশের মেধা ও সম্ভাবনার বিশাল অপচয় ঘটেছে। অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতি মুনাফার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এ অবস্থা থেকে বের হতে হবে।
রাষ্ট্রপ্রধান বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন ব্যাহত না হয়, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি বিশেষ গুরুত্ব দিতে বলব।
‘নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে’, যোগ করেন রাষ্ট্রপতি।