
এইচএসসিতে শূন্য পাস, কুমিল্লা বোর্ডের ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:৩

ফাইল ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি প্রশাসন তাদের পূর্বের নির্ধারিত ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকেই নেয়ার পক্ষে আছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে। করোনাকাল থেকে যে সেশনজট তৈরি হয়েছে, তা অনেকটা কাটিয়েছে। এখন পুরো বাংলাদেশের সমন্বয়ের সঙ্গে আমরা যদি ডিসিশন নিই, তাহলে আমরা আবার বিশাল সেশন জটে পরে যাবো। এজন্য আমাদের আগের সিদ্ধান্ত বহাল আছে। আমরা ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ততেও বহাল থাকবো, চূড়ান্ত করবো। আমাদের পরীক্ষা ৫ ডিসেম্বর থেকেই শুরু হবে।’
এ দিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে। এতে ভর্তি পরীক্ষা গ্রহণ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ইউজিসির সভায় আগামী জানুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু এবং ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত হয়।
ইউজিসির সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচী, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
আগামী ৩১ ডিসেম্বরের পূনমূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার খাতা পূনমূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচী নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচী পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ঢাবির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরুর কথা রয়েছে। আর ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরুর কথা রয়েছে।
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শনিবার), ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
প্রাসঙ্গিক: