
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৫

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে কামিন্সের পাশে আছেন পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম। ছবি: সম্পাদিত
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বহুল সমালোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
৮৮টি টেস্ট খেলার পর চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। সপ্তাহখানেক আগে তিনি দাবি করেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া তার আত্মজীবনী সবর–এর একটি অধ্যায়ে এই ঘটনা নিয়ে বিস্তারিত লিখেছেন খাজা।
সিডনি মর্নিং হেরাল্ডকে খাজা বলেছিলেন, ‘এটা আমাদের সবার বিষয় ছিল। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু স্টাফরাও নয়; আমরা সবাই।’
খাজার এই দাবির পর অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে নতুন করে বিতর্ক শুরু হয়। এর জেরে শুক্রবার (১৩ নভেম্বর) এক ঘণ্টার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। খাজার অভিযোগকে তিনি ‘শতভাগ ভুল’ এবং ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেন।
কামিন্স বলেন, ‘সে যখন বলছে আমরা সবাই জানতাম, যদি তার অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে; এটা আমরা জানতাম, তাহলে সে শতভাগ ভুল। গত আট বছর ধরেই আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’
এদিকে কামিন্সকে নিজের খুব কাছের বন্ধু, দারুণ ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা হিসেবে উল্লেখ করেছেন আকরাম। তার ধারণা, ঘটনার সময় অস্ট্রেলিয়া দলের অন্য সদস্যরাও হয়তো বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন না।
ভিডিও বার্তায় আকরাম বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে এই বিতর্কের কথা শুনছি। উসমান খাজা সবর নামে একটি বই লিখেছেন, যেখানে আট বছর আগে কী ঘটেছিল, তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেটিই মূল বিষয়। আমি প্যাট কামিন্সের বক্তব্যও দেখেছি। সে আমার খুব কাছের বন্ধু, অসাধারণ ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় সে। কামিন্স বলেছে, এ বিষয়ে সে কিছুই জানত না।’
‘তাই আমার মনে হয়, ঘটনার সময় দলের অন্যরাও হয়তো জানত না কী ঘটছে। এটা একান্তই আমার মতামত। সঠিকও হতে পারে, ভুলও হতে পারে।’
তবে প্রচলিত নিয়মে বলের যত্ন নেওয়া এবং স্যান্ডপেপার ব্যবহার করে বলের পৃষ্ঠ ঘষার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে মনে করেন আকরাম। একজন বোলার হিসেবে বলের দাগ দেখেই দুই পদ্ধতির পার্থক্য বোঝা সম্ভব বলে জানান তিনি।
আকরাম ব্যাখ্যা করেন, ‘একজন বোলার হিসেবে বল যখন আমার হাতে আসে, সেটা পঞ্চম ওভার হোক, দশম ওভার হোক কিংবা পুরোনো বলের ৫০তম ওভার, বলটির যত্ন নিতে হয়। এক পাশ চকচকে রাখতে হয়। দিন শুকনো হলে এবং মাঠের উইকেটও শুকনো থাকলে এক বাউন্সে বল ছুড়ে দেওয়া হয়। এতে বলের গায়ে সামান্য আঁচড় লাগতে পারে।’
‘কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষার ফলে যে দাগ তৈরি হয়, এক বাউন্সে বল পড়ার কারণে সৃষ্ট দাগের সঙ্গে তার কোনো মিল নেই। ক্রিকেটপ্রেমী কেউ চাইলে বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন। একটি কিছুটা নতুন ক্রিকেট বল ও এক টুকরো স্যান্ডপেপার নিয়ে ঘষে দেখুন। দুই ধরনের দাগের পার্থক্য স্পষ্ট বোঝা যাবে।’
বিতর্কে তিনি কারও পক্ষ নিচ্ছেন না বলেও জানিয়েছেন আকরাম। একই সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে সততা ও স্পষ্টবাদিতার যে পরিচিতি জড়িয়ে আছে, সেটিও তুলে ধরেছেন তিনি।
আকরাম বলেন, ‘আবারও বলছি, আমি কারও পক্ষ নিচ্ছি না। অস্ট্রেলীয়রা মাঠে ও মাঠের বাইরে নিজেদের স্পষ্টবাদিতা, কঠোর মনোভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সততার জন্য পরিচিত।’
‘আমার মনে হয়, আট বছর আগে পুরো জাতি কিছুটা চাপে ছিল। আর এখন সেই বিষয়টি আবার সামনে আসায় তারা নতুন করে অস্বস্তিতে পড়েছে।’