
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

উসমান খাজার বইয়ের তথ্য কামিন্স অস্বীকার করায় হতাশ ওয়ার্নার।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত, উসমান খাজার এমন দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে খাজার পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। কামিন্সের বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে খাজাকে অসম্মান করার অভিযোগ তুলেছেন ওয়ার্নার।
শুক্রবার (১৩ নভেম্বর) ৬৯ মিনিটের সংবাদ সম্মেলনে কামিন্সের বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওয়ার্নার। পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে চলাকালে ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘উজির (উসমান খাজা) পাশে আমি এখনো আছি। তার বইয়ে যা লেখা হয়েছে, আমি সেটাকে সত্য বলেই বিশ্বাস করি। আমি সত্যিই তাকে সমর্থন করি।’
ওয়ার্নার আরও বলেন, ‘এই মুহূর্তে তার জন্য আমার খারাপ লাগছে। আমার মনে হয়েছে, আজ অধিনায়ক উজিকে (খাজা) বিপদে ফেলে দিলেন। বিষয়টি আমাকে ভীষণ হতাশ করেছে।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টে বলের আকৃতি পরিবর্তন করতে স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। সেই বল টেম্পারিং কাণ্ডে শাস্তি পাওয়া তিন অস্ট্রেলীয় ক্রিকেটারের একজন ছিলেন ওয়ার্নার। অন্য দুজন স্টিভ স্মিথ ও ব্যানক্রফট।
কামিন্সের মন্তব্যের পর সেই কেলেঙ্কারির পরিণতিতে নিজেদের ভোগান্তির কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা তিনজনই অনেক বড় মূল্য দিয়েছি। আট বছর ধরে আমি এ বিষয়ে কথা বলিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিদিন আমাদের এই পরিণতির সঙ্গে বেঁচে থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ওপর যেন আজীবনের শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যরা যখন বলে, এই ঘটনায় তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমার, স্টিভ ও ক্যামের জন্য এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। কারণ, প্রতিদিন আমাদের বাইরে বের হতে হয় এবং মানুষের সমালোচনা ও অপমান সহ্য করতে হয়।’
ওয়ার্নার স্বীকার করেন, ‘হ্যাঁ, আমরা নিজেদের ভুলের দায় স্বীকার করেছি। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে আমাকে ও আমার স্ত্রীকে। সেই সময় আমরা আমাদের সন্তান হারিয়েছিলাম। সত্যটা স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।’
উসমান খাজার বক্তব্যের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটারদের মধ্যে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।
এদিকে ২০১৮ সালের সেই বল টেম্পারিং বিতর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট।