
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন পাকিস্তানের সাকিব
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৫৪

চাকরি হারালেন ক্রিস্টাল প্যালেসের কোচ পিয়েরে সেজ। ছবি: ক্রিস্টাল প্যালেস
একই দিনে চাকরি হারালেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুজন কোচ। মাইকেল ক্যারিককে ম্যানচেস্টার ইউনাইটেড বরখাস্ত করার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্বিতীয় কোচ হিসেবে চাকরি হারালেন ক্রিস্টাল প্যালেসের পিয়েরে সেজ।
দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ ম্যাচের মাথায় পিয়েরে সেজকে বরখাস্ত করেছে ক্রিস্টাল প্যালেস। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে।
গত মৌসুমে লিগ ওয়ানে লঁসকে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়া সেজকে গ্রীষ্মে অলিভার গ্লাসনারের স্থলাভিষিক্ত করেছিল প্যালেস। গ্লাসনার তখন নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছিলেন।
তবে প্যালেসের হয়ে সেজের শুরুটা ভালো হয়নি। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। ইউরোপা লিগেও চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে প্যালেস। যদিও ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে সেজের অধীনে পাঁচটি ম্যাচ জিতেছে প্যালেস, ড্র করেছে তিনটি। তবে এই সময়ে ৩০টি গোল হজম করেছে দলটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে চলতি মৌসুমে কেবল সেজের সাবেক ক্লাব লঁস (৩১) এর চেয়ে বেশি গোল হজম করেছে।
৩০টি গোল হজম করা দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডও রয়েছে। একই দিনে তারাও প্রধান কোচকে বরখাস্ত করেছে। মাইকেল ক্যারিকের বিদায়ের পর ওল্ড ট্রাফোর্ডে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো।
সব প্রতিযোগিতা মিলিয়ে প্যালেসের বিপক্ষে প্রত্যাশিত গোলের পরিমাণ (xGA) ২৯.৬, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি পরিসংখ্যানে সবচেয়ে বাজে দল প্যালেস। গোল হজম (২৪), প্রতিপক্ষের প্রত্যাশিত গোলের পরিমাণ (২১.৯), প্রতিপক্ষের নেওয়া শট (১৮৯), ক্রস থেকে গোল হজম (৭), হেড থেকে গোল হজম (৭) এবং ম্যাচের মোট সময়ের যে অংশে পিছিয়ে ছিল সেই হার (৫৪.৪%); সব ক্ষেত্রেই তালিকার তলানিতে রয়েছে ‘দ্য ঈগলস’রা।
সেজের পাশাপাশি তার কোচিং স্টাফের আরও তিন সদস্য জামাল আলিউই, দামিয়েন ডেলা সান্তা ও স্যান্ডি গিশার্ডও দায়িত্ব ছেড়েছেন বলে নিশ্চিত করেছে প্যালেস।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'দক্ষিণ লন্ডনে পিয়েরে ও তার স্টাফদের সময়কালে করা প্রচেষ্টার জন্য ক্লাব তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চায় এবং ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানায়। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।'
আন্তর্জাতিক বিরতি শেষে দল মাঠে ফেরার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় প্যালেস। আগামী ২১ নভেম্বর কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে তারা।
নতুন কোচ হওয়ার দৌড়ে শুরুতেই আলোচনায় উঠে এসেছেন টমাস ফ্রাঙ্ক। টটেনহ্যামের সঙ্গে আট মাসের অস্থির সময় ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর থেকে তিনি কোনো দলের দায়িত্বে নেই। এর আগে ব্রেন্টফোর্ডের হয়ে বেশ সফল ছিলেন ফ্রাঙ্ক। ২০২১ সালে প্রথমবারের মতো দলটিকে প্রিমিয়ার লিগে তুলে আনেন তিনি। এরপর দ্রুতই শীর্ষ লিগের দল হিসেবে ব্রেন্টফোর্ডকে প্রতিষ্ঠিত করেন।
ব্রেন্টফোর্ডের দায়িত্বে ৩১৭ ম্যাচে ৪১.৮ শতাংশ জয়ের রেকর্ড ফ্রাঙ্কের (জয় ১৩২, ড্র ৭৭, হার ১০৮)। তবে টটেনহ্যামের হয়ে ৩৮ ম্যাচে তার জয়ের হার ছিল মাত্র ৩৪.২ শতাংশ (জয় ১৩, ড্র ১১, হার ১৪)।