
তালেবানের নারী নীতির প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে না খেলার ঘোষণা স্কটল্যান্ডের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:২৫

মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেছেন মিচেল স্টার্ক। ছবি: এএফপি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের মাঠে স্যান্দপেপার নিয়ে যাওয়ার বিষয়ে কোনো ধারণা ছিল না বলে দাবি করেছেন মিচেল স্টার্ক। উসমান খাজার আত্মজীবনীতে করা সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর দাবি এবং ডেভিড ওয়ার্নারের সমর্থনের পর ওই সিরিজে খেলা অভিজ্ঞ চার বোলারের মধ্যে স্টার্কই প্রথম মুখ খুললেন।
স্টার্ক দাবি করেন, এই বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে ২০২১ সালে বোলারদের দেওয়া যৌথ বিবৃতিতে যা বলা হয়েছিল, সে বিষয়ে তার স্মৃতিতে কোনো পরিবর্তন আসেনি। ওই বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন তিনি, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। এর আগে ক্যামেরন ব্যানক্রফট এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বোলাররা বিষয়টি যে জানতেন, এটা ছিল ‘স্বাভাবিকভাবেই বোঝার মতো’ ব্যাপার।
স্টার্ক আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত খাজার বইটি পড়বেন না। খাজার সঙ্গে ভবিষ্যতে তার সম্পর্ক কেমন থাকবে, সে বিষয়েও স্পষ্ট কিছু বলেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত খাজার আত্মজীবনী ‘সবর’–এ শুধু কেপটাউন টেস্টের ঘটনা নয়, এর আগের গেবেরহা টেস্টের (তৎকালীন পোর্ট এলিজাবেথ) বিস্তারিত বিবরণও রয়েছে। কেপটাউন টেস্টেই অস্ট্রেলিয়া দলের বল বিকৃতির ঘটনা ধরা পড়েছিল। বইয়ে খাজা এমন একটি সেশনের বর্ণনা দিয়েছেন, যেখানে সফরকারী দল বলকে প্রচুর রিভার্স সুইং করাতে সক্ষম হয়েছিল।
সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, আমি বিষয়টিতে খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে স্পষ্টতই ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। সে সময় এবং এরপরও আমাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি বোলারদের সবার হয়ে কথা বলব না, তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি।’
পুরো দল কি ওই পরিকল্পনার বিষয়ে জানত, এমন প্রশ্নে স্টার্ক বলেন, ‘এটা তো বইয়ে লেখা আছে। এ বিষয়ে আরও ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। ২০২১ সালে আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে কিছু নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। কেপটাউনে বড় পর্দায় দেখার পরই আমরা বিষয়টি জানতে পারি।’
তিনি আরও বলেন, ‘আগেও যা বলেছি, পাঁচ বছর আগে যা বলেছি এবং আট বছর আগে যা বলেছি, আমি সেটাতেই অটল থাকব। স্পষ্টতই বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। আমি বিষয়টি সেখানেই শেষ করতে চাই, যেখানে আগে রেখেছিলাম।’
দ্বিতীয় টেস্টে খাজার দাবি সম্পর্কে বিশেষভাবে জানতে চাইলে স্টার্ক বলেন, ‘কেপটাউনেই প্রথমবার আমি এ ধরনের কিছু ঘটার বিষয়ে জানতে পেরেছিলাম। এ বিষয়ে লেখককেই ব্যাখ্যা দিতে দিন।’
ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শুরুর আগে আয়োজক সম্প্রচারমাধ্যম কায়ো স্পোর্টস ও ফক্স ক্রিকেটের এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্টার্ক। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে অস্ট্রেলিয়ার নতুন মৌসুম শুরু হবে। তবে সাম্প্রতিক এই নতুন তথ্য ও বিতর্কের কারণে সিরিজ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২০১৮ সালের সেই ঘটনা।
স্টার্ক বলেন, ‘এটা অবশ্যই হতাশাজনক। অথচ আমাদের সামনে এখন একটি রোমাঞ্চকর গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুম অপেক্ষা করছে, কিন্তু আমরা তার বদলে এসব বিষয় নিয়ে আলোচনা করছি।’
২০১৮ সালের ঘটনা নতুন করে আলোচনায় আসায় সাবেক প্রধান কোচ ড্যারেন লেম্যানের কথাও উল্লেখ করেন স্টার্ক। সপ্তাহান্তে এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লেম্যান বলেছিলেন, ২০১৮ সালের ঘটনাগুলো বারবার সামনে আসায় তাকে মানসিক ও আবেগগত চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
স্টার্ক বলেন, ‘এসবের মধ্যে তার কথাও ভুলে গেলে চলবে না।’
গত সোমবার (৯ নভেম্বর) ওয়ার্নার ২০১৮ সালের তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেন এবং এ বিষয়ে ‘জবাবদিহি’ ও ‘স্বচ্ছতা’ দাবি করেন। এর আগে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, তদন্ত পুনরায় শুরু করার মতো কোনো ‘জোরালো কারণ’ নেই। ওই তদন্তের ফলেই ওয়ার্নার, ব্যানক্রফট ও স্টিভ স্মিথকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও তদন্তটি মূলত নিউল্যান্ডসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খাজা দাবি করেন, তিনি কাউকে ‘বিপদে ফেলেননি’ বা ‘কারও বিরুদ্ধে অবস্থান নেননি’। তবে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি বিষয়টি নিয়ে কিছুটা রসিকতার সুরে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কিপিন’ ইট ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ‘গত দুই দিন ধরে বাসের ধাক্কায় মিচেলের গা থেকে উঠে যাওয়া অংশগুলো আমি কুড়িয়ে বেড়াচ্ছি।’
এরপর হিলি বলেন, ‘আমি অবশ্যই এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছি। একদিকে আমি সংবাদমাধ্যমে কাজ করছি, যেখানে এসব বিষয়ে মন্তব্য করতে হয়। অন্যদিকে, আমি এমন একজন খেলোয়াড়ের স্ত্রী, যিনি এখনো খেলছেন এবং আট বছর আগে ওই সিরিজে ছিলেন ও সবকিছু নিজের অভিজ্ঞতায় দেখেছেন।
তিনি আরও বলেন, ‘তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আপাতত আমি বসে পরিস্থিতি কীভাবে এগোয়, সেটাই দেখতে চাই। তবে একটা কথা বলব, বিষয়টি সামনে আসার সময়টা আমার কাছে কিছুটা অস্বস্তিকর মনে হচ্ছে। সময়টা আমার পছন্দ হয়নি।’
অনুষ্ঠানে পরে কথা বলার সময় হিলি জানান, ধারাভাষ্য কক্ষে খাজার সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, ‘ধারাভাষ্য কক্ষে কারও পাশে বসতে হবে বলে আমি চিন্তা করি না, তিনি যেই হোন না কেন। আমরা একটি দল।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে বিষয়টি অন্য ধারাভাষ্যকারদের তুলনায় কিছুটা বেশি কাছের মনে হচ্ছে। পেছনে থাকা বেশির ভাগ পুরুষই বলছেন, ‘এসব বাদ দিয়ে আবার ক্রিকেটে ফিরে যাই।’ তবে আমার দিক থেকে বললে, তাঁদের সঙ্গে কাজ করতে আমি পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করছি।’
এদিকে বই প্রকাশের সময় নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন খাজা। তার দাবি, বই বিক্রি বাড়ানোই যদি উদ্দেশ্য হতো, তাহলে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের সময় বইটি প্রকাশ করতেন, যাতে সর্বোচ্চ প্রচার পাওয়া যায়। তিনি আরও বলেছেন, বিষয়টির সঙ্গে অর্থ উপার্জনের কোনো সম্পর্ক নেই।
বই প্রকাশের দিন ইনস্টাগ্রামে দেওয়া আরেকটি ভিডিওতে খাজা বলেন, ‘রয়্যালটি বা বই বিক্রির কথা ভাবার আগেই আমাকে অনেক বই বিক্রি করতে হবে, যাতে রয়্যালটি পাওয়া শুরু হয়। আমার মনে হয় না আমি কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারব। আর যদি পৌঁছাতেও পারি, সেটাও সামান্য কিছু অর্থ। সবাইকে সম্মান রেখেই বলছি, আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমি অনেক সৌভাগ্যবান। আমার টাকার প্রয়োজন নেই। এটি কখনোই বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে করা হয়নি। আপনারা যা ভাবতে চান ভাবতে পারেন, তবে বাস্তবতা এটাই।’
অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে খাজার সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানিয়েছেন স্টার্ক। তাদের মধ্যে আবার কথা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তার ওপর নির্ভর করছে।’