
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫০

আত্মজীবনীতে বল টেম্পারিং নিয়ে বিস্তারিত লেখার বিষয়টি মাত্র দুই মাস আগে ওয়ার্নারকে জানিয়েছিলেন খাজা। ছবি: এএফপি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সমালোচিত স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নিজের বইয়ে কী লিখেছেন, তা দুই মাস আগে ডেভিড ওয়ার্নারকে জানিয়েছিলেন উসমান খাজা। ২০২০ সালে ওয়ার্নারকে এ বিষয়ে সবকিছু জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে এত দিন পর বিষয়টি প্রকাশ করতে যাওয়ায় তার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার বেশ অবাক হয়েছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্টে এসব কথা জানিয়েছেন খাজা। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের গত শুক্রবারের (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনের আগেই পডকাস্টটি রেকর্ড করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সবাই জানত, এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। তবে পডকাস্টে খাজা স্বীকার করেছেন, তার এই বক্তব্যের কারণে এখনো জাতীয় দলে খেলা কয়েকজন ক্রিকেটারের ওপর কিছুটা প্রভাব পড়বে বা মূল্য দিতে হতে পারে।
খাজার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওয়ার্নার। সাবেক পেসার চ্যাড সেয়ার্সও রোববার (১৫ নভেম্বর) বলেছেন, তার জানা অনুযায়ী স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানত।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার করা তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। সেই তদন্তে তাকে, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেওয়া হয়েছিল। একই সঙ্গে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, পরিকল্পনাটি সম্পর্কে কেবল এই তিনজনই জানতেন।
খাজার বইয়ে কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে আগে প্রকাশিত না হওয়া কিছু তথ্য উঠে এসেছে। সেয়ার্সও তার এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দ্বিতীয় দিনের এক সেশনে তিনি মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নিয়েছিলেন। ওই সেশনে রিভার্স সুইংয়ের কারণে দক্ষিণ আফ্রিকা মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়েছিল।
'উই ইউজড টু বি…' পডকাস্টে অ্যান্টোইনেট লাটুফকে খাজা বলেন, 'আমি অনেক দিন ধরেই ওকে (ওয়ার্নার) প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ গত আট বছর ধরে ওকে এই বিষয়টির বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার বইয়ে কী আছে, তা দুই মাস আগেও ডেভিড ওয়ার্নারকে বলিনি। আমি শুধু অপেক্ষা করেছি। কারণ, প্রথমত আমি চাইনি বিষয়টি ফাঁস হয়ে যাক। ক্রিকেটে আসলে কোনো কিছুই গোপন থাকে না।'
তিনি আরও বলেন, 'আর ছেলেরা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছিল। তারা সেখানে থাকাকালে আমি বিষয়টি প্রকাশ করতে চাইনি। তাই অপেক্ষা করছিলাম। কিন্তু একসময় মনে হলো, আমার বই প্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এবার ওকে জানানো দরকার।'
'২০২০ সালে আমি ওকে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত আমরা বিষয়টি নিয়ে প্রায় কোনো কথাই বলিনি। ২০২০ সালে ওকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি রেখেছি। দুই মাস আগে ওকে মেসেজ পাঠানোর সময় ওর কোনো ধারণাই ছিল না যে আমি এ বিষয়ে বই লিখছি। বিষয়টি জেনে ও ভীষণ অবাক হয়েছিল। এরপর থেকেই আমাদের মধ্যে এ নিয়ে কথা শুরু হয় এবং আমরা নিয়মিত আলোচনা করেছি,'–খাজা যোগ করেন।
নিজের বইয়ে প্রকাশিত তথ্যের পরিণতি নিয়ে খাজা আরও বলেন, 'আমার মনে হয়েছে, ওই তিনজনের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল। তাই আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তবে এখনো দলে খেলছে, এমন আরও কয়েকজনের ওপর এর কিছুটা প্রভাব পড়তে পারে। বিষয়টি যতটা সম্ভব ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আপনি যা-ই করুন না কেন, তার একটা মূল্য থাকেই। গত তিন দিনে আমার পরিবারের ওপরও এর প্রভাব পড়েছে।'
তিনি আরও বলেন, 'তবে আমি নিজেকে এখানে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছি না। কারণ, আমি জানতাম কী করতে যাচ্ছি। কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেটাও জানতাম। শুধু বুঝতে পারিনি, বিষয়টি এতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে।'
দক্ষিণ আফ্রিকা সফরের ওই ঘটনার দায় পুরো দলের সম্মিলিতভাবে নেওয়া উচিত ছিল, নিজের এই অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন খাজা।
বইয়ে তিনি উল্লেখ করেছেন, ড্রেসিংরুমে এক বক্তব্যে সবাইকে একসঙ্গে দায় স্বীকার করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে নাম প্রকাশ করা হয়নি দলের এমন দুই ক্রিকেটার তার এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন।
গত সপ্তাহের সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, খাজার এমন কোনো বক্তব্যের কথা তার মনে নেই। তবে সেয়ার্স জানিয়েছেন, পরবর্তী করণীয় নিয়ে দলের ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠকের কথা তার মনে আছে। খাজার অবস্থানের বিরোধিতা করা দুই ক্রিকেটারের বিষয়েও তার অস্পষ্টভাবে মনে আছে, তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
খাজা বলেন, 'দীর্ঘ সময় ধরে তাদের এই বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার মনে হয় না, তারা কখনোই এই বিষয়টি থেকে পুরোপুরি মুক্তি পেত, যদি না তাদের মনে হতো যে তারা এই দায়ভার ভাগ করে নিতে পারছে। ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, দল হিসেবে আমাদের সেটাই করা উচিত ছিল।'
খাজা বলেন, 'আমি এখানে বলতে আসিনি যে অমুক এটা করেছে কিংবা অমুক ওই কাজ করেছে। কে কী জানত, সেটাও বলছি না। বিষয়টি ছিল, আমরা সব সময় একটি দল। আগেও বলেছি, দল হিসেবে আমরা জিতি, দল হিসেবেই হারি। তাই দায়ও আমাদের দল হিসেবেই নেওয়া উচিত।'
'আমরা যদি সত্যিকার অর্থে সেটা করতে পারতাম, তাহলে একবারের জন্য হলেও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতো। কিন্তু আমার মনে হয়, আমরা কখনোই সেটা করতে পারিনি। এ কারণেই বিষয়টি বারবার ফিরে আসছে। একের পর এক জল্পনা-কল্পনা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে,'–তিনি যোগ করেন।
এদিকে, বিতর্ক নিয়ে সহসাই স্টিভ স্মিথের মুখ খোলার সম্ভাবনা কম বলে জানা গেছে। রোববার (২২ নভেম্বর) শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।