
টাক মাথায় ‘শতভাগ চুল গজাবে’ বৈদ্যুতিক চিরুনিতে, দাবি চীনা বিজ্ঞানীদের
বিজ্ঞান-প্রযুক্তি
বাড়ছে এআইনির্ভর সাইবার ঝুঁকি
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৮:১৬

ছবি: সংগৃহীত
বিদ্যুৎ বিভ্রাট ও তথ্যপ্রযুক্তিগত ত্রুটি নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের বিপর্যয় উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাট, প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি ব্যাংকে লেনদেন ব্যাহত হয় এবং জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষায় বড় ধরনের ত্রুটি ধরা পড়ে।
ঘটনাগুলো আলাদা হলেও কাছাকাছি সময়ে ঘটায় এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এসব ঘটনার মধ্যে সম্পর্ক থাকার কোনো প্রমাণ নেই, তবে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা কীভাবে কাজ করে এবং এর দুর্বলতাগুলো কোথায়, তা সামনে এনেছে ঘটনাগুলো।
কী ঘটছে?
সাধারণত প্রযুক্তি ব্যবস্থার কোনো আপডেট বা সফটওয়্যার ইনস্টলেশনে ত্রুটির কারণে এ ধরনের বিভ্রাট ঘটে। সাম্প্রতিক ঘটনাগুলোর কয়েকটির পেছনেও এমন কারণ ছিল।
মাইক্রোসফটের নেটওয়ার্ক আপগ্রেডের সময় সার্ভারগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে এবং বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরোনো নেটওয়ার্ক আধুনিকায়নের সময়ও সমস্যা দেখা দেয়। এর ফলে সপ্তাহান্তে দেশটিতে হাজার হাজার ফ্লাইট বন্ধ রাখতে হয়।
সিস্টেম আপডেটের সময় ত্রুটির কারণে এনএসএর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই ধরনের ত্রুটির জন্য আলাদাভাবে অ্যাপলের আইক্লাউড ও অ্যাপল পে সেবাও বিঘ্নিত হয়।
যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে লেনদেন ব্যাহত হওয়ার জন্য জেপি মরগ্যান চেজের একটি সফটওয়্যার ত্রুটিকে দায়ী করা হয়েছে। তবে ব্যাংকটি জানিয়েছে, এটি কোনো সাইবার নিরাপত্তাজনিত ঘটনা ছিল না।
অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরাসরি সাইবার নিরাপত্তার দুর্বলতার সঙ্গে সম্পর্কিত।
বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা জাভার একটি ত্রুটি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া গবেষক স্কট হেলমে অপটিমাইজলি নামের একটি প্ল্যাটফর্মেও ক্ষতিকর কোড শনাক্ত করেছেন। বিশ্বের বেশ কয়েকটি বড় কোম্পানি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে।
হ্যাকাররা শনাক্ত হয়ে বিতাড়িত হওয়ার আগে প্রায় ৭ হাজার ডলার বা ৫ হাজার ৩০০ পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করতে সক্ষম হয়েছিল।
এখনই কেন ঘটছে এসব?
প্রথমে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলোতে এআইয়ের ভূমিকা নিয়ে গবেষক স্কট হেলমে বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, ‘আমি খুবই অবাক হব, যদি এসব সাইবার হামলা এবং এর পেছনে থাকা হামলাকারীরা নিজেদের গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করে থাকে।’
গত গ্রীষ্মকাল থেকে অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের মতো এআই কোম্পানিগুলো সবচেয়ে উন্নত মডেলগুলো সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। নির্দিষ্ট কিছু কোম্পানি ও প্রতিষ্ঠানকে ব্যবহারের অনুমতি দেয়ার আগে এসব মডেলের ঝুঁকি বিবেচনা করছে তারা।
তবে একই প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বিশেষজ্ঞরাও সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করতে পারছেন। ফলে অপরাধীরা সেগুলো কাজে লাগানোর আগেই অন্যদের সতর্ক করা সম্ভব হচ্ছে। সাম্প্রতিক জাভা এবং পিএইচপি-সংক্রান্ত ঘটনাতেও এমনটি দেখা গেছে। ত্রুটিগুলো কাজে লাগানোর আগেই সেগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছিল।
অন্যদিকে, বিদ্যুৎ ও প্রযুক্তি বিভ্রাট নতুন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে ক্রাউডস্ট্রাইক এবং পরে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সমস্যায় বিশ্বজুড়ে বহু ডিভাইস ও সিস্টেম অচল হয়ে পড়েছিল।
এ ধরনের সমস্যার একটি কারণ হতে পারে ‘টেকনিক্যাল ডেট’। কোনো প্রযুক্তি ব্যবস্থার মূল সমস্যা সমাধান না করে সফটওয়্যারে সাময়িক বা দ্রুত সমাধান যুক্ত করতে থাকলে এ পরিস্থিতি তৈরি হয়। এভাবে একের পর এক ওপর ওপর সমাধান করতে থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে।
এআইয়ের ব্যবহার বাড়ায় অনেক কোম্পানি তাদের সাইবার নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনা করছে। ফলে শনাক্ত হওয়া ত্রুটি সংশোধনে আরও বেশি সফটওয়্যার আপডেট প্রকাশ করতে হতে পারে।
এছাড়া এসব বিভ্রাট মনে করিয়ে দেয়, অনলাইন জগৎ আসলে কতটা বাস্তব অবকাঠামোর ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ক্যাবল, সার্ভার ও ডেটা সেন্টার। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার সমস্যার কথা বলা যায়। প্রকৌশলীরা পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার স্থাপনের সময় সেখানে ত্রুটি দেখা দিয়েছিল।
কতটা উদ্বিগ্ন হওয়া উচিত?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই। এগুলো কোনো একক হামলাকারীর কাজও নয়। তিনি বলেন, ‘আমরা কোনো প্রাতিষ্ঠানিক আক্রমণের শিকার নই। এসব ঘটনার একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। এগুলো পরস্পর সম্পর্কিত নয়।’
জাভা ও পিএইচপির মতো ঘটনার ক্ষেত্রে এআইয়ের সহায়তায় নিরাপত্তা বিশেষজ্ঞরা অপরাধীদের আগেই ত্রুটি শনাক্ত করতে পেরেছেন। ফলে সেগুলো ব্যাপকভাবে কাজে লাগানোর আগেই সমাধানের উদ্যোগ নেয়া সম্ভব হয়েছে।
একই সময়ে অ্যানথ্রোপিকসহ এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পণ্যের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছে। তবে বিদ্যুৎ ও প্রযুক্তি বিভ্রাটের প্রভাব শুধু অনলাইন জগতেই সীমাবদ্ধ থাকে না। স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা এবং মানুষের দৈনন্দিন কাজেও এর প্রভাব পড়ে। এমনকি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
এসব ঘটনা আরও একটি বিষয় সামনে এনেছে। তা হলো, বিশ্বজুড়ে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের প্রযুক্তি ও অবকাঠামোর ওপর নির্ভরশীলতা।
শুধু এআইয়ের শীর্ষ প্রতিষ্ঠানগুলো নয়, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো অবকাঠামো সরবরাহকারী কোম্পানির ওপরও নির্ভরশীল বহু প্রতিষ্ঠান। গুগলের সঙ্গে এসব কোম্পানি বিশ্বের বিপুলসংখ্যক কম্পিউটার সার্ভার পরিচালনা করে।
পিএইচপি-সংক্রান্ত ঘটনার সময় একজন প্রোগ্রামার স্বেচ্ছায় এমন একটি প্যাচ তৈরির কাজ করছিলেন, যা সহজেই প্রয়োগ করা সম্ভব। এদিকে প্রযুক্তি জায়ান্ট ওরাকলের পরিচালিত জাভা বিশ্বের প্রায় সব বড় কোম্পানিতেই ব্যবহৃত হয়।
পরামর্শক প্রতিষ্ঠান আরএসএম ইউকের রিস্ক অ্যাসিওরেন্স বিভাগের প্রধান শীলা পাঞ্চোলি বলেন, ‘ওরাকল জাভার দুর্বলতা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে।’
তার মতে, প্রতিষ্ঠানগুলোকে তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নির্ভরতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। কোনো দুর্বলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি নেয়া পদক্ষেপ কার্যকর হয়েছে কি না, তা-ও পরীক্ষা করতে হবে।
আইকিডো সিকিউরিটির নিরাপত্তা প্রকৌশলী জ্যান্ডার ভ্যান রেমডঙ্ক বলেন, আসল চ্যালেঞ্জ হলো, ‘আপনি অরক্ষিত কি না, তা জানা। বিপুলসংখ্যক ব্যবসায়িক সফটওয়্যারের সঙ্গে জাভা যুক্ত থাকে। ফলে কোন কোন জায়গায় এটি ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা অনেক কোম্পানির কাছেই নেই।’
এটাই কি নতুন স্বাভাবিকতা?
সম্ভবত আপাতত এমন পরিস্থিতিই চলবে। সাইবার নিরাপত্তার ত্রুটি শনাক্তে ব্যবহৃত এআই টুলগুলো এখনও নতুন। ফলে কয়েক দশক ধরে সফটওয়্যারের কোডে লুকিয়ে থাকা দুর্বলতাও এসব প্রযুক্তির মাধ্যমে সামনে আসতে পারে।
সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান হারনেসের ফিল্ড সিটিও মার্টিন রেনল্ডস বলেন, ‘এআই দুই দিকেই ত্রুটি শনাক্তের গতি বাড়াচ্ছে এবং সফটওয়্যার সরবরাহের প্রক্রিয়াও দ্রুত করছে।’
এর ফলে ডেভেলপারদের আরও বেশি সফটওয়্যার ত্রুটি সংশোধন করতে হচ্ছে, অথচ কাজ শেষ করার জন্য তাদের হাতে সময় কমে আসছে। প্রযুক্তিগত ঘাটতি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিস্টেম আপগ্রেড করতে হবে। এতে নতুন করে বিভ্রাটের ঝুঁকিও বাড়বে।
পাশাপাশি হ্যাকাররা ক্রমাগত উন্নত কৌশল ব্যবহার করায় সাইবার হামলার হুমকিও থেকে যাচ্ছে। হামলাকারীদের জন্য একটি দুর্বলতা খুঁজে বের করতে পারলেই তা কাজে লাগানো সম্ভব। অন্যদিকে, প্রতিরক্ষাকারীদের সম্ভাব্য সব ধরনের হামলা ঠেকানোর প্রস্তুতি রাখতে হয়।
স্কট হেলমে বলেন, ‘হামলাকারীরা দ্রুত ও নিশ্চিন্তে কাজ করতে পারে। ব্যর্থতার ঝুঁকি ছাড়াই তারা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। এ কারণে স্বাভাবিকভাবেই তারা অনেক সময় কিছুটা দ্রুত এগিয়ে থাকে।’
বর্তমানে সাইবার হামলাকারী ও প্রতিরক্ষাকারীদের কাজের গতির মধ্যে এই ব্যবধানই স্পষ্ট হয়ে উঠছে। সাইবার নিরাপত্তার এই ইঁদুর-বিড়াল খেলা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা নেই। বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতের ঝুঁকিও আরও বাড়ছে।
প্রাসঙ্গিক: