
বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, করণীয় কী
বিজ্ঞান-প্রযুক্তি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:৭

ডিট্যাঙ্গল বৈদ্যুতিক চিরুনিটি তার দাঁত থেকে নির্গত বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করে। ছবি: সংগৃহীত
চুল পড়া বন্ধ করে দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করতে পারে, এমন এক ধরনের বিশেষ বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবনের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, নতুন এই প্রযুক্তি টাক পড়ার সমস্যা কাটিয়ে উঠতেও সহায়তা করতে পারে। তবে চিরুনিটির নকশা নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গবেষকদের দাবি, ‘ডিট্যাঙ্গল’ নামের এই বৈদ্যুতিক চিরুনি প্রচলিত চুল পড়ার চিকিৎসার তুলনায় অনেক বেশি কার্যকর হতে পারে। তবে এখন পর্যন্ত প্রযুক্তিটি শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে।
বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, পরীক্ষার ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, মানুষের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা পুরুষদের বংশগত টাক পড়ার চিকিৎসায়ও এটা কার্যকর হতে পারে।
চলতি মাসে খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী নেচার কম্যুনিকেশনস-এ প্রকাশিত এক গবেষণায় বৈদ্যুতিক চিরুনিটির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
‘চিরুনির মাধ্যমে বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগ করে দ্রুত চুল গজানো’ শীর্ষক গবেষণাটিতে দেখানো হয়েছে, ডিট্যাঙ্গল প্রযুক্তি চুল পড়ার চিকিৎসায় বহুল ব্যবহৃত মিনোক্সিডিলের চেয়েও ভালো ফল দিয়েছে। মিনোক্সিডিল হলো জনপ্রিয় চুল গজানোর ওষুধ রোজেইনের (রোগেইন) প্রধান কার্যকর উপাদান।
ডিট্যাঙ্গল চিরুনির দাঁতগুলোতে বিশেষ ইলেকট্রোড এবং ওষুধ বহনকারী অণু যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে চুলের গোড়ার বা হেয়ার ফলিকলের আশপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করা হয়।
গবেষণায় বিজ্ঞানীরা লিখেছেন, পুরুষদের বংশগত টাক পড়ার সমস্যায় আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষায় এই প্রযুক্তি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসায় যেখানে চুল গজানোর কার্যকারিতা প্রায় ৭০ শতাংশ ছিল, সেখানে ডিট্যাঙ্গল প্রযুক্তিতে এক মাসের মধ্যে তা প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।
প্রাসঙ্গিক:
পুরুষদের বংশগত টাক পড়ার সমস্যা বেশ সাধারণ। জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রায় ৮০ শতাংশ পুরুষ এ সমস্যায় আক্রান্ত হন।
এ সমস্যা শুধু শারীরিক চেহারার ওপরই প্রভাব ফেলে না, মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এত বেশি মানুষের মধ্যে সমস্যাটি দেখা গেলেও চিকিৎসার কার্যকর পদ্ধতি এখনো তুলনামূলকভাবে সীমিত।
চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে মিনোক্সিডিল কার্যকর হতে পারে। তবে ব্যক্তি ভেদে এর ফলাফল ভিন্ন হয়। চিকিৎসার ফল পেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। উপকার ধরে রাখতে নিয়মিত ওষুধ ব্যবহারও চালিয়ে যেতে হয়। এ ওষুধ ব্যবহারে মাথার ত্বকে জ্বালাপোড়া হতে পারে। কিছু ব্যবহারকারী মাথাব্যথা বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন।
চুল পড়ার আরেকটি প্রচলিত ওষুধ ফিনাস্টেরাইড, যা প্রোপেসিয়া নামে বাজারজাত করা হয়। টাক পড়ার প্রাথমিক পর্যায়ে এটা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন সক্ষমতা কমে যাওয়া এবং বিষণ্নতা।
সাম্প্রতিক সময়ে চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে মাথার পেছন ও দুই পাশের মতো যেসব স্থানে সাধারণত চুল পড়ে না, সেখান থেকে চুলের গোড়া সংগ্রহ করে টাক পড়া অংশে প্রতিস্থাপন করা হয়। পদ্ধতিটি কার্যকর হলেও এতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি ব্যথাদায়ক এবং ব্যয়বহুলও হতে পারে।
তবে ডিট্যাঙ্গল চিরুনি মানুষের ক্ষেত্রে কার্যকর হবে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদিও ইঁদুরের ওপর পরীক্ষা মানুষের চিকিৎসায় কোনো পদ্ধতির সম্ভাব্য কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক ধারণা দিতে পারে।
মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এসব পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটি মানুষের জন্য কতটা নিরাপদ ও কার্যকর, তা নিশ্চিত করা হবে।
তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট