
বাংলাদেশের ম্যাচসহ ১৯ নভেম্বরের খেলার সূচি
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৮:৩০

জোহানেসবার্গে এখন বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই। ছবি: এএফপি
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ। বিষয়টি স্বীকার করে নিয়েছেন দলটির পেসার হাসান মাহমুদ। সিরিজের প্রথম টেস্ট হার এড়ানোর চেষ্টা করা ছাড়া টাইগারদের সামনে আর বিকল্প নেই বলে জানান তিনি।
বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের আরেকটি ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের হার এখন অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ১০০ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখনো তারা দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে রয়েছে।
প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, 'আজকের পুরো দিনের কথা বলতে গেলে, দিন শুরু হওয়ার সময় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তাদেরও জয়ের সম্ভাবনা ছিল, ড্রয়ের সম্ভাবনাও ছিল; সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে।'
তিনি আরও বলেন, 'তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাট করতে আসছিল, তখন কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি আমরা। আমরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারিনি।'
'এরপর তারা ভালো সংগ্রহ দাঁড় করায়। আমরা ব্যাট করতে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। তবে দেখা যাক, এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।'
তিনি আরও যোগ করেন, 'আমরা যদি দুই-তিনটি ভালো জুটি গড়তে পারি কিংবা আগামীকাল ভালো একটি দিন কাটাতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব।'
নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে হাসান বলেন, 'ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমরা এটা করতে পারব। কারণ, প্রথম ম্যাচে আমরা যখন ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম, তখন সেখান থেকে ৪০০ রান করেছিলাম। তাই এখনো আমার বিশ্বাস আছে, যদি আমরা একটি ভালো জুটি গড়তে পারি, তাহলে ঘুরে দাঁড়ানো সম্ভব।'
এদিকে উইকেটরক্ষক হিসেবে রেকর্ড গড়ায় লিটন কুমার দাসের প্রশংসা করেছেন হাসান মাহমুদ। তার মতে, উইকেটের পেছনে লিটনের কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছে দল।
কাগিসো রাবাদাকে স্টাম্পিং করার মাধ্যমে এক ইনিংসে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন লিটন। এই ইনিংসে তার মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়ায় আটে।
চতুর্থ দিনের সকালে নিজের দ্বিতীয় স্টাম্পিংয়ের মাধ্যমে পাঁচ উইকেটরক্ষকের যৌথভাবে গড়া রেকর্ড ভেঙে দেন লিটন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভা।
লিটনের প্রশংসা করে হাসান বলেন, 'প্রথমেই লিটন দাদাকে অভিনন্দন জানাতে চাই। উইকেটের পেছনে তিনি যেভাবে কঠোর পরিশ্রম করছেন এবং বোলারদের যেভাবে সহযোগিতা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিষয়টি আমাকে সব সময় ভালো লাগায়।'
'আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করি। তিনি সব সময় মাঠে সক্রিয় থাকার চেষ্টা করেন, সবার সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা ডিআরএসের সময়ও তিনি অনেক সাহায্য করেন। তার সঙ্গে খেলতে আমার ভালো লাগে।'