
আসছে শীত, কেন খাবেন আয়ুর্বেদ চা?
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২০:২০

ছবি: পিক্সেলস
একবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার সেই মানুষের কাছে ফিরে যাওয়া কি ঠিক? প্রচলিত ধারণা হলো, সাবেক প্রেমিক বা প্রেমিকার কাছে আর ফিরে যাওয়া উচিত নয়। তবে সব ক্ষেত্রে কি এই সিদ্ধান্ত সঠিক? সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কিছু পরিস্থিতিতে পুরোনো সম্পর্কে নতুন করে সুযোগ দেওয়া যেতে পারে। তবে তার আগে কয়েকটি বিষয় নিশ্চিত হওয়া জরুরি।
সাবেক সঙ্গীর কাছে ফিরে যাওয়া মানেই যে আবার বিচ্ছেদ বা সমস্যার মুখে পড়তে হবে, তা নয়। অনেক সময় সম্পর্ক ভাঙার পেছনে মূল কারণ থাকে পরিস্থিতি বা সময়ের অনুকূল না হওয়া। কিন্তু কীভাবে বুঝবেন, সত্যিই আবার সম্পর্ক শুরু করার মতো অবস্থায় পৌঁছেছেন, নাকি শুধু অতীতের সুন্দর স্মৃতিগুলো আপনাকে টানছে?
যুক্তরাজ্যের থেরাপিস্ট ও টেলিভিশন অনুষ্ঠান ‘সেলেবস গো ডেটিং’-এর বিশেষজ্ঞ আনা উইলিয়ামসনের মতে, পুরোনো সম্পর্কে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে।
তার ভাষায়, দুজনেরই আগের চেয়ে পরিণত হওয়া, নিজেদের ভুল বুঝতে পারা এবং সম্পর্কের জন্য স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছানো জরুরি। শুধু আগের সঙ্গীকে মনে পড়ছে বা তাকে মিস করছেন—এই কারণে সম্পর্কে ফিরে যাওয়া ঠিক নয়।
উইলিয়ামসন বলেন, আগের মতো অনুভূতি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা আর নতুন করে একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা এক বিষয় নয়। দুজনের জীবনযাপনে পরিবর্তন এলে, মানসিক পরিপক্বতা বাড়লে এবং আগের সমস্যাগুলো সমাধান হলে পুরোনো সম্পর্ক নতুন করে শুরু করার মূল্য থাকতে পারে।
উইলিয়ামসনের মতে, আগে থেকেই দুজনের মধ্যে একটি সম্পর্ক ও বোঝাপড়া তৈরি থাকে। একে অপরের ব্যক্তিত্ব ও নানা অভ্যাস সম্পর্কে জানা থাকায় শুরুটা কিছুটা সহজ হতে পারে।
এ ছাড়া যে কারণে আগে বিচ্ছেদ হয়েছিল, সময়ের সঙ্গে সেই পরিস্থিতিও বদলে যেতে পারে। যেমন—দুজনের বসবাস ছিল আলাদা শহরে, একজন বা দুজনই তখন মানসিকভাবে সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না কিংবা জীবনের নানা পরিস্থিতি একসঙ্গে থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
সময় মানুষকে পরিণত করে। নিজের ভুল থেকে শেখার পাশাপাশি মানুষ নিজের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কেও পরিষ্কার ধারণা পায়। ফলে আগের তুলনায় দুজনের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তবে পরিচিত মানুষ বলে আগের সম্পর্ক যেখান থেকে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু করা যাবে—এমনটা ভাবার কোনো কারণ নাই।
উইলিয়ামসনের পরামর্শ, পুরোনো সম্পর্ককে আগের অধ্যায়ের ধারাবাহিকতা হিসেবে না দেখে সম্পূর্ণ নতুন একটি অধ্যায় হিসেবে বিবেচনা করতে হবে। কারণ, আগের মতো একই আচরণ ও সম্পর্কের ধরন বজায় রেখে ভিন্ন ফল আশা করা যায় না।
এ ক্ষেত্রে নিজেদের দুটি প্রশ্ন করা জরুরি—শেষবার একসঙ্গে থাকার পর আমাদের মধ্যে কী কী পরিবর্তন এসেছে? এবার আমরা সম্পর্কটিকে কোন জায়গায় নিয়ে যেতে চাই?
১. বিচ্ছেদের জন্য দুজনই নিজের দায় স্বীকার করেছেন
নতুন করে সম্পর্কে জড়ানোর আগে কেন বিচ্ছেদ হয়েছিল, তা বোঝা জরুরি। শুধু একজনকে দায়ী না করে দুজনই নিজেদের ভুল স্বীকার করতে পেরেছেন কি না, সেটি ভাবতে হবে। প্রয়োজন হলে ক্ষমা চাওয়া এবং আগের সমস্যাগুলোর সমাধান করাও জরুরি।
২. আগের বাধাগুলো আর নেই
অনেক সময় দূরত্ব, কাজের চাপ, পারিবারিক পরিস্থিতি কিংবা মানসিক প্রস্তুতির অভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন যদি সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে থাকে, তাহলে নতুন করে সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।
৩. দুজনই ব্যক্তিগতভাবে পরিণত হয়েছেন
সম্পর্কের বাইরে থাকা সময়টুকু মানুষকে নিজের সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ দেয়। নিজের চাহিদা, দুর্বলতা ও প্রত্যাশা বুঝতে পারলে সম্পর্কের প্রতিও দৃষ্টিভঙ্গি বদলায়। দুজনের মধ্যেই এমন পরিবর্তন এলে আগের চেয়ে ভালো বোঝাপড়া তৈরি হতে পারে।
৪. আকর্ষণের পাশাপাশি মানসিক মিলও রয়েছে
একজনের প্রতি আকর্ষণ থাকাটা গুরুত্বপূর্ণ। তবে শুধু আকর্ষণ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। দুজনের মূল্যবোধ, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মিল আছে কি না, সেটিও দেখতে হবে। মতবিরোধ হলে আলোচনা করে সমাধানে পৌঁছানোর সক্ষমতাও থাকতে হবে।
৫. দুজনেরই সমান আগ্রহ ও প্রতিশ্রুতি রয়েছে
সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্ত দুজনেরই হতে হবে। একজন বারবার চেষ্টা করছেন, আর অন্যজন শুধু সাড়া দিচ্ছেন—এমন হলে সম্পর্কটি টেকসই হওয়ার সম্ভাবনা কম। দুজনই আন্তরিকভাবে সম্পর্কটি এগিয়ে নিতে চান কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
পুরোনো সম্পর্কে ফিরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হলো অতীতকে অতিরিক্ত সুন্দর করে দেখা। উইলিয়ামসন একে বলেছেন ‘নস্টালজিয়া গগলস’ বা স্মৃতির রঙিন চশমা।
তার মতে, বর্তমান জীবন অসুখী বা হতাশাজনক হলে মানুষ অতীতের সুন্দর মুহূর্তগুলো বেশি মনে করতে শুরু করে। একসঙ্গে কাটানো আনন্দের সময়, ঘুরতে যাওয়া কিংবা হাসি-আনন্দের স্মৃতিগুলো মনে থাকে। কিন্তু যে ঝগড়া, মতবিরোধ ও সমস্যার কারণে সম্পর্ক ভেঙেছিল, সেগুলো সহজেই আড়ালে চলে যায়।
এ ছাড়া পরিচিত মানুষকে নিজের জন্য উপযুক্ত মনে করার প্রবণতাও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। কারও সঙ্গে দীর্ঘদিনের পরিচয় বা স্বাচ্ছন্দ্যবোধ থাকলেই যে তিনি আপনার জন্য সঠিক মানুষ, তা নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের সম্পর্কের অস্বাস্থ্যকর আচরণগুলো আবার ফিরে আসছে কি না। যেমন—যোগাযোগের ঘাটতি, আবেগগতভাবে দূরে থাকা কিংবা নিয়ন্ত্রণ করার প্রবণতা। শুধু আবার একসঙ্গে হওয়ার আনন্দে এসব সমস্যাকে উপেক্ষা করা উচিত নয়।
আগের সম্পর্কে এ ধরনের সমস্যা থাকলে নতুন করে সম্পর্কে জড়ানোর আগে সেগুলোর সমাধান করতে হবে।
পুরোনো প্রেম নতুন করে শুরু করার কথা ভাবলে নিজের কাছে সৎ থাকা জরুরি। উইলিয়ামসনের মতে, প্রথমেই নিজেকে একটি প্রশ্ন করতে হবে—আমি কি সত্যিই ওই মানুষটিকে মিস করছি, নাকি শুধু একজন সঙ্গীর অভাব অনুভব করছি?
দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একাকিত্ব, জীবনের কঠিন সময় কিংবা নতুন সম্পর্কে ব্যর্থতার কারণে পুরোনো সঙ্গীর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। পরিচিত একজন মানুষের কাছে ফিরে যাওয়াকে তখন সহজ সমাধান মনে হয়। কিন্তু একাকিত্ব দূর করার প্রয়োজন আর নির্দিষ্ট একজন মানুষের সঙ্গে জীবন কাটানোর ইচ্ছা এক নয়।
নিজেকে আরও কিছু প্রশ্ন করতে হবে। যে কারণে আগে বিচ্ছেদ হয়েছিল, সেগুলোর কি সত্যিই সমাধান হয়েছে? পুরোনো সমস্যাগুলো কি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে? দুজন কি এবার সম্পর্কের ক্ষেত্রে আগের চেয়ে ভিন্নভাবে আচরণ করতে প্রস্তুত?
সবশেষে বলা যায়, সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আবার সম্পর্কে জড়ানো সব সময় ভুল সিদ্ধান্ত নয়। তবে এর জন্য প্রয়োজন সততা, আত্মবিশ্লেষণ এবং নিজেদের পরিবর্তনের মানসিকতা।
লক্ষ্য হওয়া উচিত আগের সম্পর্কটিকে হুবহু ফিরিয়ে আনা নয়; বরং সময়ের সঙ্গে দুজন মানুষ যে পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন, সেই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে নতুন একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা।
প্রাসঙ্গিক: