
ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:১৮

ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মুহূত্যের জন্য সরকারের নেতৃত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহুর কার্যালয় নির্বাচনে হস্তক্ষেপ করেছে—এমন অভিযোগ ওঠার পর ইয়াশার দলের নেতা এ মন্তব্য করেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকোট রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে নিয়ে তীব্র আক্রমণ করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই উভয় পক্ষের প্রতিনিধিরা একটি জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট লিখেছেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ বৃত্তের কর্মকাণ্ড ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি।’
ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের ২৭ অক্টোবরের নির্বাচনের আগ মুহূর্তে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।
প্রতিবেদনে বলা হয়, নর্ডেন পুলিশের কমিশনারের দফতরে ওই অভিযোগ জমা দেন। এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা তথ্যদাতার কাছে পাঠান, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
‘চ্যানেল ১২’-এর তথ্যমতে, ওই সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই ‘রা’আম’ দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান এবং ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে ঘুষ দেয়ার সন্দেহে তাদের গ্রেফতার করেন।
এরই ধারাবহিকতায় নির্বাচনের দিনজুড়ে নেতানিয়াহু আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান। নির্বাচনে তারা রেকর্ড ১৯টি আসন জয় করলে, নেতানিয়াহু কোনো প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন।
পরবর্তীতে, ওই তথাকথিত গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হওয়ায় পুলিশ গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে মুক্তি দেয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি-ইসরাইলি বংশোদ্ভূত নেসেট সদস্যদের পাঁচজনের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে এই অনুরোধ করা হলেও, পরবর্তীতে তা প্রত্যাখ্যান করা হয়।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, ‘আমি এই ঘটনাটির অবিলম্বে তদন্ত দাবি করছি এবং পুলিশ ও শিন বেত-এর প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা প্রকাশিত তথ্যের বিস্তারিত বিষয়গুলো অবিলম্বে স্পষ্ট করে।’
এদিকে আইজেনকোটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানিমূলক ও আপত্তিকর’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।
এর আগে শুক্রবার আইজেনকোট নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণাকে উসকে দিয়েছিলেন।
সূত্র: আল জাজিরা