
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
আন্তর্জাতিক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:১

ইসরাইলে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত
ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার নেতৃত্বাধীন জোট সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কার্যালয়ে সরকার গঠনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন আইজেনকোট।
তিনি বলেন, ‘লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি এটাকে সত্যিই জাতীয় ঐক্যের সময় বলে মনে করেন, যেমনটি তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে আমার নেতৃত্বে এবং উপস্থাপিত নীতির ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ আমি দেখি না।’
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। তার হাতে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরাইলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইসরাইলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট হারজোগ। ওই নির্বাচনে ইসরাইলের সমালোচক এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতাকারী কয়েকজন রাজনীতিক জয়ী হয়েছেন।
হারজোগ বলেন, ‘ইসরাইলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।’ এ সময় যুক্তরাষ্ট্রের ‘নতুন রাজনৈতিক বাস্তবতার’ কথাও উল্লেখ করেন তিনি।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান ছিলেন আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তবে এবার ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ভাল ফল করেছেন আইজেনকোট। সরকার গঠনের দায়িত্ব দিতে আরব নেতৃত্বাধীন দলগুলোও আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন।
ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষই। নির্বাচনে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
তবে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকোট। এসব দলের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা বেড়ে ৬৭ হতো।
অন্যদিকে অতি-রক্ষণশীল দুই দল ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাসকে পাশে পেলে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন তিনি। এ ছাড়া পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে পারলে ৬১ আসনের কম নিয়েও সরকার গঠন সম্ভব।
আলজাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ বলেন, আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ করে দিতে এবং আস্থা ভোটে জয়ী হওয়ার পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর হাতে এখনো সময় রয়েছে।
তিনি আরও বলেন, এর মধ্যে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নেতানিয়াহুকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনিও ব্যর্থ হলে নতুন নির্বাচন আয়োজন করা হবে। সে ক্ষেত্রেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ থাকবে নেতানিয়াহুর।
নেতানিয়াহুর সমালোচকদের অনেকের ধারণা, এটাই তার লক্ষ্য। তবে ইসরাইলের রাজনীতিতে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিরোধীরা সত্যিই কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চায়? নাকি মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা এতটাই প্রবল যে, নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার ঝুঁকি নিয়েও তারা নতুন নির্বাচনের পথে হাঁটতে রাজি?
তথ্যসূত্র: আল জাজিরা