
ইসরাইলে নির্বাচন: ৭০ শতাংশ ভোট গণনা শেষেও নেই সংখ্যাগরিষ্ঠতা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:৮

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট, কোনো পক্ষই সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।
১৯৯৯ সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর প্রকাশিত প্রাথমিক প্রক্ষেপণে দেখা গেছে, নেতানিয়াহুর জোট আসন সংখ্যায় এগিয়ে থাকলেও একটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে যা প্রয়োজন, তা থেকে তারা বেশ দূরে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ অনুযায়ী, ডানপন্থি নেতানিয়াহু জোটের জন্য এই ফল বড় ধরনের এক ধাক্কা। পার্লামেন্টের (নেসেট) আগের মেয়াদে যেখানে নেতানিয়াহুর জোটের আসন ছিল ৬৮টি, সেখান থেকে বড় ধস নেমে তা ৫২টিতে নেমে আসতে পারে। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রাথমিক জরিপে ইতিবাচক ফল করার ইঙ্গিত পেয়ে উৎসবে মেতেছেন দেশটির আরব দলগুলোর সমর্থকেরা। তাদের হিসাব অনুযায়ী, এবার পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আরব প্রতিনিধি দেখা যেতে পারে।
জরিপের এই আভাস সত্ত্বেও বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন নেতানিয়াহু। তার দাবি, ফলাফলের এই প্রবণতাই প্রমাণ করে যে দেশের ইহুদি জনগোষ্ঠীর একটি বড় অংশের আস্থা এখনো তার ডানপন্থি জোটের ওপর রয়েছে।
নির্বাচনের আনুষ্ঠানিক চূড়ান্ত ফল জানার জন্য আরো অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। তবে চূড়ান্ত ফল প্রকাশের পরও জোট বা সরকার গঠনের এই দর-কষাকষি গড়াতে পারে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত।