
সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৯

সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ছবি: সংগৃহীত
বাংলা ব্যান্ডের মাধ্যমে দেশীয় লোকসংগীতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আমি অপার হয়ে’সহ বেশ কিছু গানের মাধ্যমে পেয়েছিলেন ব্যাপক পরিচিতি। তবে দীর্ঘদিন ধরে সংগীত ও জনপরিসর থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আনুশেহ আনাদিলের দুটি ভিডিও। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে আনুশেহ বলেন, ‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না।’
গান থেকে দূরে থাকার কারণ নিয়েও কথা বলেছেন এই শিল্পী। তার ভাষ্য, নেশার কারণে তিনি গান ছেড়ে দিয়েছেন কিংবা এখন আর গাইতে পারেন না—এমন ধারণা ঠিক নয়। এখনো সুরে গান গাইতে পারেন তিনি। তবে বাণিজ্যিকভাবে গান করার বিষয়ে আপাতত আগ্রহী নন।
আনুশেহ বলেন, ‘এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।’
আরেকটি ভিডিওতে দীর্ঘদিন নিজেকে আড়ালে রাখার অভিজ্ঞতা তুলে ধরেছেন আনুশেহ। তিনি জানান, বহু বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাননি। এই সময়টাতে প্রচুর লেখালেখিও করেছেন। তবে তার লেখা পড়ার আগ্রহ মানুষের মধ্যে কম বলে মনে হয়েছে এই শিল্পীর।
আনুশেহর কথায়, ‘আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।’
চলতি বছরের জুনে দীর্ঘ ১১ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে নিজের টিনিটাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আনুশেহ। টিনিটাস এমন একটি অবস্থা, যেখানে বাইরের কোনো শব্দের উৎস না থাকলেও কানে বা মাথার ভেতরে ভোঁ ভোঁ, শোঁ শোঁ কিংবা ঝিঁঝি পোকার মতো শব্দ শোনা যেতে পারে। এটি নিজে কোনো নির্দিষ্ট রোগ নয়; বরং বিভিন্ন শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত একটি উপসর্গ।
এর কিছুদিন পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়াতে থাকে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও দুটিতে আনুশেহকে নিজের মতো করে কথা বলতে দেখা যায়। ভিডিওগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা স্পষ্ট নয়। তবে এগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।