
ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:২৮

জাওয়াদ কুরেইরিস। ছবি: সংগৃহীত
শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে জাওয়াদ কুরেইরিস নামে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তার সঙ্গে ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি নামে আরও এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' (এসপিএ)-র বরাতে সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ফরমান জারির পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জাওয়াদ কুরেইরিস সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ২০১১-১২ সালে আরব বসন্তের সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয় এবং বিক্ষোভে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়।
জাওয়াদের পরিবারের অভিযোগ, তাকে ভয়াবহ নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। জাওয়াদ এমন এক পরিচিত শিয়া পরিবারের সন্তান, যাদের বিরুদ্ধে আগেও নিরাপত্তাসংক্রান্ত নানা মামলা ছিল। এর আগে তার এক ভাই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন এবং মাত্র ৯ বছর বয়সে কথিত অপরাধের অভিযোগে ১৩ বছর বয়সে তার আরেক ভাইকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছিল।
অন্যদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, কুরেইরিস ও আল-সাফওয়ানি 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' দোষী সাব্যস্ত হয়েছিলেন। মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী, তারা একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও গাড়িতে গুলি চালিয়েছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে তাজা গোলাবারুদ রাখা এবং দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগও আনা হয়।
এদিকে, এই মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীর ওপর চলমান দমন-পীড়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা 'রিপ্রিভ'-এর তথ্যমতে, ২০২৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের কথিত অপরাধের সময় তারা শিশু ছিল। এদের সবাই ২০১১-১২ সালের বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন।
রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ড বিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, 'সৌদি আরবে ভিন্নমতের শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং গত দুই বছরে আমরা স্পষ্টভাবে দেখেছি যে শিশুদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।'
তিনি আরও বলেন, 'শৈশবে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য চার তরুণের মতোই জাওয়াদকে নির্যাতন করে তথাকথিত 'সন্ত্রাসী' অপরাধের মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। এরপর গোপনে বিচার ও দণ্ড ঘোষণা করে তাকে হত্যা করা হয়েছে।'
সৌদি যুবরাজের সমালোচনা করে বাসিউনি বলেন, 'যারা শাসনক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছে, তাদের পরিবারের বিরুদ্ধে যুবরাজ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করছেন। এই শাসনব্যবস্থা রাজনৈতিক দমন-পীড়ন ও ব্যক্তিগত হিসাব মেটানোর হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে।' এ সময় তিনি ইউসুফ আল মানাসিফ নামে আরেক তরুণের আসন্ন মৃত্যুদণ্ড স্থগিত করতে সৌদি আরবের আন্তর্জাতিক মিত্রদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।