
নেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২

জয়েন্ট লিস্ট এর চেয়ারম্যান আহমাদ তিবি। ছবি: সংগৃহীত
সরকার গঠন ঘিরে জটিলতা বাড়ছে ইসরাইলে। জোট সরকার গঠন নিয়ে নাটকীয়তার মধ্যেই নেতানিয়াহুকে ঘিরে বিস্ফোরক দাবি করেছেন জয়েন্ট লিস্ট এর চেয়ারম্যান আহমাদ তিবি। তার দাবি, নির্বাচনের আগে ও পরে নেতানিয়াহু ব্যক্তিগত উপদেষ্টার মাধ্যমে যোগাযোগ করে তাকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোটে যোগ দিতে মানা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ইসরাইলের চ্যানেল ১২-কে দেয়া এক সাক্ষাৎকারে কিছু বার্তা প্রকাশ করে এ অভিযোগ করেন তিবি। তার দাবি, বার্তাগুলো পাঠিয়েছিলেন নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল।
তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এবং নির্বাচনের পরও তাকে এসব বার্তা পাঠানো হয়। সাক্ষাৎকারের সময় তিনি ক্যামেরার সামনে নিজের মুঠোফোন তুলে ধরে কয়েকটি বার্তা দেখান। তবে ছবির রেজল্যুশন অস্পষ্ট হওয়ায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।
তিবি বলেন , এসব বার্তা নেতানিয়াহুর রাজনৈতিক প্রচারের দ্বিচারিতা তুলে ধরে। প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতাকে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও প্রয়োজনের সময় তার দল লিকুদ তাদের সমর্থন চেয়েছে।
এদিকে আরব ইসরাইলিদের বিরুদ্ধে চলমান প্রচারণাকে ‘বর্ণবাদী ও সহিংস’ আখ্যা দিয়েছেন ইয়াশার দলের নেতা আইজেনকোট। তার ভাষায়, রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহল এই পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, ইসরাইলের আরব নাগরিকরাও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ; তাদের প্রান্তিক করা বা সামগ্রিকভাবে কলঙ্কিত করা রাষ্ট্রের মৌলিক মূল্যবোধের পরিপন্থি।
ইসরাইলের সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়া আইজেনকোট বলেন, সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ও জটিল সপ্তাহ অপেক্ষা করছে। দ্রুত একটি স্থিতিশীল সরকার গঠনে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, যেকোনো বাধা ও চ্যালেঞ্জ জয় করে সরকার গঠন করতে এবং ইসরাইলকে পুনরায় নিরাপদ অবস্থানে ফিরিয়ে আনতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
প্রাসঙ্গিক:
এদিকে, ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা জাবারিন জোট গঠনে আইজেনকোট ব্লকের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে, সহযোগিতার শর্ত হিসেবে তুলে ধরেছেন বিভিন্ন দাবি। জাবারিনের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে ‘কামিনিতজ আইন’ বাতিল করা, যে আইনের অধীনে অবৈধভাবে নির্মিত আরব বাড়িঘর ভেঙে ফেলার সুযোগ রয়েছে। আরব সম্প্রদায়গুলোতে সহিংসতা ও অপরাধ দমনে একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ এবং আরব শহর ও গ্রামগুলোর জন্য পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।