
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৫

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার মতো রাজনৈতিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর নেই বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পক্ষে নতুন করে যুদ্ধ শুরু করার মতো আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নেই। একইভাবে নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় সমর্থন তারা হারিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি অনুষ্ঠিত নিজ নিজ দেশের নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়েছেন। ফলে শিগগিরই ক্ষমতাচ্যুত হতে পারেন এই দুই যুদ্ধবাজ নেতা।
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো ‘বোকামিপূর্ণ’ পদক্ষেপ নিলে ইরানের পাল্টা জবাব শুধু আশপাশের মার্কিন সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মোহসেন রেজায়ি।
সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ইতোমধ্যে যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেগুলোর পাশাপাশি দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।
তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলে অভিযান পরিচালনাকারী মার্কিন ড্রোনগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে তেহরান। এভাবে নিয়ন্ত্রণ নেওয়ার পর সাতটি ড্রোন অক্ষত অবস্থায় ভূপাতিত করে সেগুলো জব্দ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ‘অজ্ঞ যুদ্ধমন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান। তিনি বলেছেন, যুদ্ধের ময়দানে ইরানি কমান্ডারদের কাছে নতজানু হয়েছেন হেগসেথ। সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘এই মূর্খ যুদ্ধমন্ত্রীকে যুদ্ধের ময়দানে ইরানি কমান্ডাররা নতজানু হতে বাধ্য করেছেন।’