
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০
স্বাস্থ্য
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:০

প্রস্রাবের রং বলে দিতে পারে রোগের ইঙ্গিত। ছবি: সংগৃহীত
প্রস্রাবের রং শুধু শরীর থেকে বর্জ্য বের হওয়ার বিষয় নয়, এটি আপনার শরীরের পানির ভারসাম্য, কিডনির কার্যক্রম এবং কখনো কখনো বিভিন্ন শারীরিক সমস্যারও ইঙ্গিত দিতে পারে। স্বাভাবিক অবস্থায় প্রস্রাবের রং সাধারণত হালকা হলুদ বা খড়ের মতো হয়। তবে শরীরে পানির ঘাটতি, খাবার, ওষুধ কিংবা নির্দিষ্ট কিছু রোগের কারণে প্রস্রাবের রং পরিবর্তিত হতে পারে।
কখনো গাঢ় হলুদ, কখনো লালচে, আবার কখনো চায়ের মতো বাদামি প্রস্রাব দেখা যায়। এসব পরিবর্তনের কিছু সাধারণ কারণ থাকলেও কিছু ক্ষেত্রে তা গুরুতর রোগের সতর্কসংকেত হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, প্রস্রাবের বিভিন্ন রং কীসের ইঙ্গিত দিতে পারে। প্রস্রাবের ৮ ধরনের রং কীসের ইঙ্গিত দেয়?
১. হালকা হলুদ বা খড়ের রং: সাধারণত স্বাভাবিক। সাধারণত শরীরে পানির ভারসাম্য ঠিক থাকার ইঙ্গিত দেয়। তবে প্রস্রাবের রং স্বাভাবিক হলেই কিডনি সম্পূর্ণ সুস্থ, এমন নিশ্চয়তা নেই।
২. গাঢ় হলুদ প্রস্রাব: শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশনের কারণে এমন হতে পারে। গরমে অতিরিক্ত ঘাম, কম পানি পান করা কিংবা বমি-ডায়রিয়াও এর কারণ হতে পারে। পর্যাপ্ত পানি পান করার পরও রং গাঢ় থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
৩. কমলা রঙের প্রস্রাব: পানিশূন্যতা, কিছু ওষুধ বা ভিটামিনের কারণে প্রস্রাব কমলা হতে পারে। তবে চোখ ও ত্বক হলুদ হওয়া, পায়খানার রং ফ্যাকাশে হয়ে যাওয়া এবং প্রস্রাব গাঢ় কমলা হলে লিভার বা পিত্তনালির সমস্যার আশঙ্কা থাকে।
৪. গোলাপি বা লাল প্রস্রাব: বিটজাতীয় খাবার বা কিছু ওষুধের কারণে এমন হতে পারে। আবার প্রস্রাবে রক্ত থাকলে মূত্রনালির সংক্রমণ, কিডনিতে পাথর কিংবা মূত্রথলি ও কিডনির গুরুতর রোগের লক্ষণও হতে পারে। একবারও প্রস্রাবে রক্ত দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
৫. চা বা কোলার মতো বাদামি প্রস্রাব: তীব্র পানিশূন্যতা, লিভার বা কিডনির সমস্যা এবং পেশির গুরুতর ক্ষতির কারণে প্রস্রাব এমন হতে পারে। বিশেষ করে তীব্র ব্যায়ামের পর পেশিতে ব্যথার সঙ্গে এমন রং দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন।
৬. ঘোলা বা দুধের মতো সাদা প্রস্রাব: মূত্রনালির সংক্রমণ, প্রস্রাবে স্ফটিক বা অন্যান্য উপাদান থাকার কারণে এমন হতে পারে। সঙ্গে প্রস্রাবে জ্বালাপোড়া, দুর্গন্ধ, জ্বর বা তলপেটে ব্যথা থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়ে।
৭. একেবারে পানির মতো স্বচ্ছ প্রস্রাব: অনেক বেশি পানি পান করলে প্রস্রাব স্বচ্ছ হতে পারে। এটি সবসময় রোগের লক্ষণ নয়। তবে অতিরিক্ত তৃষ্ণা, বারবার প্রস্রাব এবং রাতে ঘন ঘন প্রস্রাবের সঙ্গে এমন হলে ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যার পরীক্ষা প্রয়োজন হতে পারে।
৮. সবুজ বা নীলচে প্রস্রাব: কিছু ওষুধ, খাবারের রং কিংবা বিশেষ চিকিৎসা পরীক্ষায় ব্যবহৃত রঞ্জকের কারণে এমন হতে পারে। বিরল ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমণও কারণ হতে পারে। কোনো স্পষ্ট কারণ ছাড়া এই পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রস্রাবের রং ছাড়াও যে লক্ষণগুলো খেয়াল করবেন
- প্রস্রাবে অতিরিক্ত ফেনা হচ্ছে কি না।
- প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা হচ্ছে কি না।
- স্বাভাবিকের তুলনায় প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কি না।
- বারবার প্রস্রাব হচ্ছে বা অতিরিক্ত তৃষ্ণা লাগছে কি না।
- চোখ ও ত্বক হলুদ হয়ে যাচ্ছে কি না।
বিশেষ করে বারবার অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব হলে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এটি কিডনির সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?
প্রস্রাবে রক্ত দেখা গেলে, প্রস্রাব চা-রঙের বা গাঢ় বাদামি হলে, প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে গেলে কিংবা জ্বরের সঙ্গে কোমর বা পাশের দিকে তীব্র ব্যথা হলে অবহেলা করবেন না। প্রস্রাবের রং দেখে একা কোনো রোগ নিশ্চিত করা যায় না; প্রয়োজন অনুযায়ী প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা লাগতে পারে।
সূত্র: মায়ো ক্লিনিক