
দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:৫

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘পাইরে’। ছবি: সংগৃহীত
ভালোবাসার কি সত্যিই কোনো বয়স হয়? জীবনের শেষ প্রান্তে এসেও যখন দুজন মানুষ একে অপরের হাত ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেন, তখন তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে প্রিয় মানুষটির সঙ্গ। কিন্তু সেই ভালোবাসার মাঝেও যদি থেকে যায় সন্তানের ফিরে আসার দীর্ঘ অপেক্ষা, তবে জীবনের গল্পটি হয়ে ওঠে আরও বিষণ্ন, আরও আবেগঘন। এমনই এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘পাইরে’।
উত্তর ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদের পটভূমিতে নির্মিত সিনেমাটি শুধু একটি বৃদ্ধ দম্পতির ভালোবাসার গল্প নয়। এর মধ্য দিয়ে উঠে এসেছে বার্ধক্যের নিঃসঙ্গতা, সন্তানদের দূরে চলে যাওয়া, কর্মসংস্থানের অভাবে জনশূন্য হয়ে পড়া পাহাড়ি গ্রাম এবং শিকড় হারানোর এক নির্মম বাস্তবতা।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র পদম সিং ও তুলসি। স্থানীয় মানুষের কাছে তারা পরিচিত ‘বুবু’ ও ‘আমা’ নামে। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্যজীবনে সুখ-দুঃখের অসংখ্য স্মৃতি জমেছে তাদের। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে এসে তাদের দিন কাটে একে অপরের সঙ্গ আর একমাত্র ছেলে হারিয়ার ফেরার অপেক্ষায়।
২৮ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন হারিয়া। এরপর আর ফেরা হয়নি। সেই থেকে বৃদ্ধ বাবা-মায়ের প্রতিদিনের জীবনে অপেক্ষাই যেন সবচেয়ে বড় বাস্তবতা। কখন ছেলে ফিরে আসবে, আবার কবে একসঙ্গে বসে গল্প করা যাবে—এমন আকাঙ্ক্ষা নিয়েই দিন পার করেন তারা।
পরিচালক বিনোদ কাপরির ভাষায়, এটি সঙ্গ, নিঃসঙ্গতা ও অপেক্ষার গল্প। যে অপেক্ষার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বয়স বাড়ে, পরিচিত মানুষ হারিয়ে যায়, জনপদ ফাঁকা হয়; কিন্তু সন্তানের জন্য বাবা-মায়ের অপেক্ষা থামে না।
‘পাইরে’ সিনেমার অন্যতম শক্তিশালী দিক হলো এর সূক্ষ্ম আবেগ ও জীবনের বাস্তবতাকে তুলে ধরার ভঙ্গি। একটি দৃশ্যে পদম সিং নিজের বাড়ির সামনে পাশাপাশি দুটি চিতা তৈরি করেন। একটি স্ত্রীর জন্য, অন্যটি নিজের।
তুলসি এর কারণ জানতে চাইলে পদম বলেন, ‘তুমি মারা গেলে আমি তোমাকে পাহাড় থেকে নিচে নামাব কীভাবে?’
সংলাপটি শুনে দর্শকের হাসি পেলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক অসহায়ত্ব। মৃত্যুর চেয়েও যেন তাদের বড় ভয়—শেষ সময়ে একজনের পাশে অন্যজনকে না পাওয়া। পাহাড়ি জনপদে মানুষের অভাব কীভাবে বৃদ্ধদের জীবনকে কঠিন করে তুলেছে, ছোট্ট এই দৃশ্যেই তা স্পষ্ট হয়ে ওঠে।
সিনেমাটির আরেকটি বিশেষত্ব এর অভিনয়শিল্পীরা। পদম সিং চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের চাচা পদম সিং। আর তুলসি চরিত্রে দেখা গেছে গ্রামের বাসিন্দা হীরা দেবীকে। দুজনেরই আগে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না।
প্রথমে বাস্তব জীবনের এই বৃদ্ধ দম্পতিকে নিয়েই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন বিনোদ কাপরি। পরে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠককে প্রধান চরিত্রে নেওয়ার কথাও ভেবেছিলেন। চিত্রনাট্য তাদের পছন্দ হলেও চরিত্রগুলোর আঞ্চলিক বাস্তবতা যথাযথভাবে ফুটিয়ে তোলা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত নিজের চাচা ও গ্রামের হীরা দেবীকেই পর্দার কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেছে নেন পরিচালক।
ফলে সিনেমাটিতে অভিনয়ের চেয়ে জীবনের স্বাভাবিক মুহূর্তগুলোই বেশি গুরুত্ব পেয়েছে। কারণ, পর্দায় যে নিঃসঙ্গতার গল্প দেখানো হয়েছে, তা তাদের নিজেদের জীবন ও গ্রামের বাস্তবতার সঙ্গেও মিলে যায়। হীরা দেবীর কথায়, ‘বাস্তবে আমাদের গ্রামটিও ঠিক এমনই।’
ব্যক্তিগত ভালোবাসার গল্পের পাশাপাশি ‘পাইরে’ তুলে ধরেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংকট। কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় পাহাড়ি অঞ্চলের তরুণেরা শহরমুখী হচ্ছেন। ফলে একসময় প্রাণচঞ্চল গ্রামগুলো ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে। প্রতিবেশীরা চলে যাচ্ছেন, কমে যাচ্ছে মানুষের আনাগোনা। আর বৃদ্ধ বাবা-মায়েরা পড়ে থাকছেন স্মৃতি ও অপেক্ষার ভেতর।
সিনেমাটি যেন প্রশ্ন তোলে—যে সন্তানরা জীবিকার তাগিদে শহরে চলে যান, তাদের ফেলে আসা বাবা-মায়ের শেষ বয়সের দায়িত্ব নেবে কে? উন্নয়ন যদি মানুষের জন্মভূমিতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে না পারে, তাহলে একসময় সেই জনপদগুলোর ভবিষ্যৎ কী হবে?
২০১৮ সালে উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হয়েছিল পরিচালক বিনোদ কাপরির। তাদের কাছে জানতে চেয়েছিলেন, জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা কী?
বৃদ্ধ স্বামী জানিয়েছিলেন, তিনি আগে মারা গেলে স্ত্রীর দেখাশোনা কে করবে, সেটিই তার সবচেয়ে বড় চিন্তা। অন্যদিকে স্ত্রী বলেছিলেন, স্বামী তো রান্না করতে জানেন না। তিনি আগে মারা গেলে স্বামীর জন্য রান্না করবে কে—এটাই তার দুশ্চিন্তা।
দুটি উত্তরের মধ্যেই পরিচালক খুঁজে পান দীর্ঘ দাম্পত্যের গভীর ভালোবাসা। এখানে ভালোবাসা কোনো বড় প্রতিশ্রুতি নয়; বরং প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব, অভ্যাস, অভিমান এবং একে অপরকে আগলে রাখার নাম।
১১১ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন টেলিভিশন সাংবাদিক থেকে চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠা বিনোদ কাপরি। ২০২৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘পাইরে’। পরিচালকের দাবি, সেরা চলচ্চিত্রের তিনটি পুরস্কারসহ মোট ১৮টি সম্মাননা পেয়েছে সিনেমাটি। এর মধ্যে দর্শক ভোটে সেরা চলচ্চিত্র হওয়ার ১২টি পুরস্কার রয়েছে।
তবে উৎসবে প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে মুক্তির পথ সহজ ছিল না। নির্মাণ শেষ হওয়ার পর প্রায় দুই বছর পরিবেশক না পাওয়ায় অনিশ্চয়তায় পড়ে যায় সিনেমাটির মুক্তি। শেষ পর্যন্ত পরিচালকের এক প্রযোজক বন্ধু এগিয়ে আসেন। গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। পরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় বাড়তে থাকে প্রদর্শনীর সংখ্যা ও টিকিটের চাহিদা।
সিনেমাটি দেখে অনেক দর্শক পদম সিং ও হীরা দেবীর সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন। তাদের অনেকেরই মনে হয়েছে, পর্দার এই বৃদ্ধ দম্পতি যেন তাদের নিজেদের মা-বাবা কিংবা দাদা-দাদির প্রতিচ্ছবি।
এমনকি নাসিরুদ্দিন শাহও সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছিলেন বলে জানিয়েছেন পদম সিং। তার ভাষায়, নাসিরুদ্দিন শাহ পুরো সিনেমাটি দেখে তাকে জড়িয়ে ধরেছিলেন। বলেছিলেন, ‘বুবু, তুমি যে চরিত্রে অভিনয় করেছ, সাত জন্মেও আমি তা করতে পারব না।’
সিনেমার গল্প শেষ হলেও এর সামাজিক বার্তা থেকে যায় দর্শকের মনে। পদম সিং তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের মাতৃভূমি ও জন্মভিটাকে যেন কেউ ভুলে না যান। একই সঙ্গে মানুষের বসবাসের এলাকাতেই শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে ‘পাইরে’ শুধু ভালোবাসার সিনেমা নয়, এটি এক নিঃশব্দ সামাজিক প্রতিবাদও। যেখানে পাহাড়ের নীরবতা, বৃদ্ধ দম্পতির খুনসুটি, দীর্ঘ দাম্পত্যের মায়া আর সন্তানের জন্য ২৮ বছরের অপেক্ষা মিলেমিশে তৈরি করেছে এক গভীর মানবিক গল্প।
জীবনের শেষ প্রান্তে এসে মানুষ আসলে খুব বেশি কিছু চান না। চান প্রিয় মানুষটির সঙ্গ, সন্তানের একটু সময় আর নিজের পরিচিত উঠোনে নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার। ‘পাইরে’ সেই চাওয়াগুলোই সামনে নিয়ে আসে। মনে করিয়ে দেয়, একটি বাড়ি কেবল ইট-পাথরের দেয়াল নয়; সেখানে বাস করে ভালোবাসা, স্মৃতি, মানুষের কণ্ঠস্বর আর কারও ফিরে আসার দীর্ঘ অপেক্ষা।
প্রাসঙ্গিক: