
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০:৪৫

রাজধানীর উত্তরায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. শাহাদাত খান (৬৪)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেলে ১২ নম্বর সেক্টরে বাসায় অভিযান পরিচালনা করে হীরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
অপরদিকে একই দিন বিকেল ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে নান্নু শেখকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত সাড়ে সাতটার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে অভিযান পরিচালনা করে মো. শাহাদাত খানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি একটি মামলা রয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নানু শেখ ও সালাউদ্দিন খান হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সেসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।