
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৭

ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুসহ কয়েকজন।
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার কয়েকজন নেতা।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে অনশনে বসেছেন তারা। রোববার (৮ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেন।
অনশনরত নেতারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভে হামলার ঘটনা শুধু একটি স্থাপনায় অগ্নিসংযোগ নয় বরং জুলাইয়ের আন্দোলনকারী ও নেতৃত্বদানকারীদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, গত রাত প্রায় ২টার দিকে তারা জানতে পারেন, ময়মনসিংহের জুলাই অভ্যুত্থানের একমাত্র শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ ও সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি সংবেদনশীল স্থানে হামলার ঘটনা প্রমাণ করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। যারা এই স্মৃতিস্তম্ভে হামলা করেছেন তাদের গ্রেফতারের দাবিতে আমরা অনশন করছি। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে ততক্ষণ আমাদের অনশন অব্যাহত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত অনশন চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্যসচিব খলিলুর রহমান বলেন, শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জড়িত বলে মনে করি। ডিসেম্বরকে ঘিরে পরিকল্পিতভাবে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালন করা আমলাদের দিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। এসব আমলা সরকারকে যথাযথ সহযোগিতা করছেন না। গণঅভ্যুত্থানের পর প্রশাসন সংস্কারের বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অবহিত করলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।