
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধন

রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: সময় সংবাদ
দীর্ঘদিনের দূষণ ও দখল সমস্যায় বিপর্যস্ত রংপুরের শ্যামাসুন্দরী খাল। এ খাল দখল ও দূষণ রোধে কঠোর পদক্ষেপ এবং খালের পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শ্যামাসুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের মাধ্যমে খালটির পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা হবে। আগামী বছরের জুনের মধ্যে রংপুরের খাল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পের বাকি ৮২ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি খাল দখল ও দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। খালের পাশে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
এদিকে, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ প্রকল্পের টিপিপি তৈরির প্রস্তুতি চলছে। এ বিষয়ে চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানান তিনি।
ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয় ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।