
কালীগঞ্জে দুদিনে ২ মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪৪

আদালতে আসামি শাহরিয়ার রেজা দীপ। ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেফতার আসামি শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দীপকে আদালতে হাজির করে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদন মঞ্জুরের জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তা হলো:
১. হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও মোটিভ (কারণ) উদ্ঘাটন করার জন্য।
২. এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় অন্যান্য আসামিদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করার জন্য।
৩. হত্যাকাণ্ডে ব্যবহৃত ও মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামত উদ্ধার করার জন্য।
৪. নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধার করার লক্ষ্যে।
৫. হত্যাকাণ্ডের মূল স্থান বা এটি কোথায় সংঘটিত হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য।
আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে।
পরবর্তীতে জানা যায়, ঘটনার দিন নিহত সৌরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিল আসামি দীপ।
মামলার তদন্তের স্বার্থে এবং আসামি যাতে জামিনে বের হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।