
কামিন্দু- ধনাঞ্জয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় দিন পার শ্রীলঙ্কার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে বিড়ম্বনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে মার্কিন তদন্ত আরও গুরুতর পর্যায়ে প্রবেশ করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হতে পারে ইনফান্তিনোকে। যুক্তরাষ্ট্রে তার অন্যতম প্রভাবশালী সমালোচক তদন্তের পরিধি বাড়ানোয় নতুন করে চাপে পড়েছেন ফিফা সভাপতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আগামী জানুয়ারিতেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য দেওয়ার জন্য ইনফান্তিনোকে নির্দেশ দেওয়া হতে পারে।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়। বড় জয়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে ইনফান্তিনোর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের প্রচারণা চালানোর সময়ই তাকে এমন কিছু নথি ও প্রমাণ জমা দিতে বাধ্য করা হতে পারে, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
গত জুলাইয়ে প্রতিনিধি পরিষদের প্রভাবশালী বিচার বিভাগীয় কমিটি (হাউস জুডিশিয়ারি কমিটি) ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করে। দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলা একাধিক সূত্র নিশ্চিত করেছে, কমিটির অন্যতম প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন সম্প্রতি সামনে আসা বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা খতিয়ে দেখছেন।
কমিটির চাহিদার তালিকায় শীর্ষে রয়েছে গত সপ্তাহে সংবাদমাধ্যমটির প্রকাশিত একটি প্রতিবেদন-সংক্রান্ত নথিপত্র। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইনফান্তিনোর প্রধান মধ্যস্থতাকারী কার্লোস কর্দেইরোকে তিনি অনুরোধ করেছিলেন, যেন তার মিয়ামির বিলাসবহুল বাড়িতে কর্মরত এক অভিবাসী গৃহকর্মীর ওয়ার্ক পারমিট পেতে সহায়তা করা হয়। এ বিষয়ে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ফিফা।
ইনফান্তিনোর সমালোচকদের মতে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। বিশেষ করে কোনো অলাভজনক ফাউন্ডেশনের অর্থ কিংবা প্রতিষ্ঠানের সম্পদের অপব্যবহার করে আইন ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
নথিপত্রে ওই গৃহকর্মীর নাম ফিফার আমেরিকা অঞ্চলের কর্মীদের বেতন তালিকায় থাকার ইঙ্গিত পাওয়ার পর বিষয়টি কর কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
ফিফার দাবি, ওই গৃহকর্মীর সব খরচ ব্যক্তিগতভাবে বহন করেছেন ইনফান্তিনো। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা সভাপতির ব্যক্তিগত ও পারিবারিক জীবনসংক্রান্ত বিষয়গুলো একান্তই ব্যক্তিগত। তবে কোনো ধরনের সন্দেহ এড়াতে জানানো হচ্ছে, তার বাড়ির গৃহকর্মীদের যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে ফিফা সভাপতিই বহন করেন।’
গৃহকর্মীর কাজের পরিবেশ নিয়েও কোনো ধরনের অনিয়মের ইঙ্গিতকে ‘দৃঢ়ভাবে’ প্রত্যাখ্যান করেছে ফিফা। দ্য টেলিগ্রাফ ওই গৃহকর্মীর পরিচয় জানে বলেও উল্লেখ করেছে।
এর আগেও ট্রাম্প এবং তার ঘনিষ্ঠজনদের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাইয়ের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বিক্রির বিষয়ে গোপন আলোচনা করেছিলেন ইনফান্তিনো।
একটি সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারিতে কুশনার পরিবারের সদস্যদের সাক্ষ্য দেওয়ার জন্য তলব করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ট্রাম্পকে তলব করার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান হওয়ার সুযোগ তৈরি হয়েছে জেমি রাসকিনের সামনে। এই পদে দায়িত্ব পেলে ফিফা সভাপতিকে তলব করা এবং চাওয়া নথিপত্র জমা দিতে বাধ্য করার নতুন ক্ষমতা পাবেন তিনি।
গত জুলাইয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন রাসকিন। ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার মিত্রদের আর্থিক সম্পর্ক নিয়ে উদ্বেগ থেকেই এই তদন্ত শুরু হয়।
এখন পর্যন্ত রাসকিনের চাওয়া সব নথিপত্র পাননি তিনি। এর মধ্যে রয়েছে ট্রাম্প, তার প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ফিফার যোগাযোগের যাবতীয় নথি।
কমিটিতে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু দলের অন্যতম প্রভাবশালী প্রতিনিধি থাকা অবস্থায় গত ২৬ জুলাই ইনফান্তিনোকে চিঠি পাঠিয়েছিলেন রাসকিন। সেখানে তিনি জানান, ট্রাম্পের আনুকূল্য পাওয়ার জন্য ফিফার চলমান প্রচেষ্টা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
গত সেপ্টেম্বরে কমিটির সদস্যরা অভিযোগ করেন, প্রয়োজনীয় সহযোগিতা করছেন না ইনফান্তিনো। তার দেওয়া জবাবকে তারা ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেও উল্লেখ করেন। তবে সে সময় আনুষ্ঠানিকভাবে তলব করা হয়নি বলে রাসকিনের অনুরোধ উপেক্ষা করার জন্য কোনো ফৌজদারি শাস্তির বিধান ছিল না।
চলতি গ্রীষ্মের বিশ্বকাপ সামনে রেখে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক বিশেষভাবে আলোচনায় আসে। বিশেষ করে ফিফা সভাপতি যখন ট্রাম্পের হাতে প্রথমবারের মতো প্রবর্তিত ফিফা শান্তি পুরস্কার তুলে দেন, তখন বিষয়টি আরও বেশি আলোচিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য টেলিগ্রাফকে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির একটি সূত্র জানিয়েছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফিফা ও ইনফান্তিনোকে ঘিরে ‘সব ধরনের তদন্তের পথ খোলা রয়েছে’।
সূত্রটি বলেছে, ‘বিশ্বকাপকে ঘিরে ফিফার কার্যক্রম ও অর্থ পরিশোধের বিষয়ে আমাদের এখনো গুরুতর কিছু প্রশ্ন রয়েছে। ফিফার কাছ থেকে আমরা পর্যাপ্ত তথ্য পাইনি। তদন্তের সব বিকল্পই বিবেচনায় রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
নতুন করে এই কংগ্রেসীয় তদন্তের হুমকি এমন সময় সামনে এল, যখন ইনফান্তিনোর অধীনে আট বছর দায়িত্ব পালনের পর কয়েক দিন আগেই পদত্যাগ করেছেন ফিফার প্রধান আইন কর্মকর্তা এমিলিও গার্সিয়া সিলভেরো।
বিভিন্ন টুর্নামেন্টের শৃঙ্খলাসংক্রান্ত মামলা, খেলোয়াড়দের দলবদলের বাজারের নিয়মকানুন এবং বিশ্বজুড়ে চুক্তিগত বিরোধের বিষয়গুলো তদারকি করতেন গার্সিয়া সিলভেরো। ফলে তদন্তের অংশ হিসেবে রাসকিন তার কাছ থেকেও বক্তব্য নিতে আগ্রহী হতে পারেন।
অন্যদিকে, ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা প্রতিনিধি পরিষদের কমিটির সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে এবং সেই আলোচনা এখনো অব্যাহত রয়েছে। আমাদের সক্রিয় সহযোগিতা নিয়ে তারা অসন্তুষ্ট—এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। ভবিষ্যতে তাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতেও আমরা প্রস্তুত।’