
ব্রিটিশ পরিচয়ে আফগান লিগের ড্রাফটে, আমির কি আইপিএলেও নাম নিবন্ধন করবেন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৭:৫৪

লাসিথ মালিঙ্গা। ছবি: বিসিসিআই
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আনছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দলটির দায়িত্ব ছাড়তে হচ্ছে তিন কোচকে। বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ও পারাস মাহামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন আর মুম্বাইয়ের সঙ্গে থাকছেন না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে এই তিন কোচের জায়গায় কারা দায়িত্ব নেবেন, তা এখনও জানায়নি মুম্বাই। এর আগে চলতি মাসের মাঝামাঝি প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি। তার জায়গায় নতুন প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে কাইরন পোলার্ডকে।
খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন মালিঙ্গা। ২০২৩ সালের অক্টোবরে কোচিং স্টাফে যোগ দেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার। অন্যদিকে, ২০২৫ আসরের আগে বোলিং কোচ হিসেবে মাহামব্রে এবং ফিল্ডিং কোচ হিসেবে হপকিনসনকে নিয়োগ দিয়েছিল দলটি।
মুম্বাইয়ের সঙ্গে মাহামব্রের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্তও ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। এরপর গত আসরের আগে দ্বিতীয়বারের মতো দলটিতে ফেরেন।
আইপিএলের প্রথম দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে মুম্বাইয়ের। তবে সাম্প্রতিক সময়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তারা। গত ছয় আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিলেও ২০২৪ সালে দশম এবং সর্বশেষ আসরে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে তারা।