
প্রদীপ জ্বালিয়ে দেবী শ্যামার কাছে সুখ ও সমৃদ্ধির প্রত্যাশা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৮

ফাইল ছবি
শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দেশের হিন্দু সম্প্রদায় আজ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে।
রাতে বিভিন্ন মণ্ডপে দেবী শ্যামার পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদযাপিত হবে দীপাবলি।
রাজধানীতে কেন্দ্রীয় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন ও শ্যামাসংগীতের মধ্য দিয়ে শুভ দীপাবলি উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। রাতে অনুষ্ঠিত হবে শ্যামাপূজা।
এছাড়া গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মন্দিরে রাত সাড়ে ৯টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সেখানে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও দীপাবলি উৎসবেরও আয়োজন রয়েছে।